২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বাঁচা-মরার লড়াই

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পরাজিত। তাই সোমবার এজবাস্টনে মুখোমুখি হতে যাওয়া পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 07:56 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা ২৬ রানে ভারত এবং পাকিস্তান দুই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে।

খাদের কিনারে দাঁড়িয়ে থাকলেও পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক মাথা ঠাণ্ডার রাখা চেষ্টা করছেন। সতীর্থদের অনুপ্রাণিত করার লক্ষ্যে তিনি বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জন্য নতুন নয়। দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে ঠিক এমন পরিস্থিতির সামনে পড়তে হয়েছিল আমাদের। সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ ম্যাচে আমাদের জিততেই হতো এবং আমাদের দল দুর্দান্তভাবে কাজটা করেছিল।”

গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে দুবার পিছিয়ে পড়ে দু্বারই সমতা নিয়ে এসেছিল পাকিস্তান। তবে সিরিজটা ৩-২ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

তবে এবার দক্ষিণ আফ্রিকানরা বেশ বেকায়দায়। চোটের কারণে পেসার মর্নে মরকেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারবেন না। টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার ডেল স্টেইন ভারতের বিপক্ষে খেলতে পারেননি। সোমবারও তাকে না পাওয়ার আশঙ্কায় টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।