ইংল্যান্ডে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছে, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ইংল্যান্ডে হবে।
২০০৬ সালেই অবশ্য এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তখন জানানো হয়েছিল, বিশ্বকাপের দ্বাদশ আসর বসবে ইংল্যান্ডে। সোমবার শুধু আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইসিসি।
এর আগে বিশ্বকাপের প্রথম তিনটি আসর অর্থাৎ ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ সালে এবং এরপর ১৯৯৯ সালে বিশ্বকাপের আয়োজন করেছিল ইংল্যান্ড।
পঞ্চম বারের মতো বিশ্বকাপ আয়োজনের সম্মান পেয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী ডেভিড কোলিয়ার উচ্ছ্বসিত।
তিনি বলেন, “বিশ্বের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনের জন্য নির্বাচিত হয়ে ইসিবি সম্মানিত বোধ করছে। এটা ইংল্যান্ড ও ওয়েলসের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেটকে দারুণ অনুপ্রাণিত করবে।”
