২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রেণীবিভাগে আপত্তি নেই মুশফিকদের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য ক্রিকেটারদের শ্রেণীবিভাগ নিয়ে আপত্তি নেই মুশফিকুর রহিম ও তার সতীর্থদের। তবে প্রাপ্য পারিশ্রমিকের নিশ্চয়তা চান তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2013, 06:17 PM

Updated : 23 Aug 2022, 10:51 AM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “শ্রেণীবিভাগ ও পারিশ্রমিক দেয়ার প্রক্রিয়া সম্পর্কে বোর্ড থেকে আমাদের কিছু জানানো হয়নি। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। আমি এ পর্যন্ত বিপিএলের ২৫ শতাংশ টাকা পেয়েছি। বাকি টাকা আদৌ পাব কিনা জানি না।” “যদিও বোর্ড সভাপতি আমাদের বলেছেন, উনি আমাদের টাকা দেবেন। এ ব্যাপারে তার ওপরে আমাদের আস্থা আছে। কিন্তু গত বছরও আমরা এভাবেই খেলেছি। গত বছরের টাকাও অনেকে এখনো পায়নি।” মুশফিকের বিশ্বাস, বিপিএলের চেয়ে ঢাকা লিগে পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনি বলেন, “৩০/৩৫ বছর ধরে বাংলাদেশের সব ক্রিকেটার এই লিগে খেলেন। আমরা যেমন লিগ হোক তা চাই, সবাই যেন প্রাপ্য পারিশ্রমিক পায় সেটাও চাই।” “ক্লাব এবং বোর্ডের সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্বে যেতে চাই না। আমরা খেলব এবং টাকা পাব। টাকা না পেলে আমাদেরই ক্ষতি। যারা জাতীয় দলের বাইরে আছে তাদের জন্যই এত কিছু করতে চাচ্ছি আমরা।” মুশফিক আরো বলেন, “আমাদের আলোচনার বিষয়-বস্তু অবশ্যই কোয়াবের (ক্রিকেটার কল্যাণ সমিতি) সঙ্গে শেয়ার করতাম। এবং তাদের মাধ্যমেই আমরা সব কিছু জানাতাম। কিন্তু আমাদের সে সময়টা দেয়া হয়নি। তাদের এবং বোর্ডের সঙ্গে কথা বলার আগেই অনেক কিছু গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়েছে।” “এ কথাও বলা হয়েছে যে এ ব্যাপারে সব দায়িত্ব নাকি আমিই নিয়েছি, যা সম্পূর্ণ ভুল। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা এবং আমরা আলাদা না।”