২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে না খেলায় মিসবাহর স্বস্তি

এবারো পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পাননি। তবে মিসবাহ-উল-হকের বিশ্বাস, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটাই তাদের বাড়তি সুবিধা দিতে পারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2013, 05:57 PM

Updated : 23 Aug 2022, 10:45 AM

২০০৮ সালের নভেম্বরে ভারতের মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর থেকে আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিসবাহ বলেন, “আইপিএল দীর্ঘ সময়ের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের অনেক ভ্রমণ করতে হয়। এটা তাদের পক্ষে ক্ষতিকর হতে পারে। আমাদের জন্য সুখবর হল, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে কয়েকটি ওয়ানডে খেলবো। তার ফলে তরুণ খেলোয়াড়দের দেখে নেয়ার পাশাপাশি দলের জন্য সঠিক সমন্বয়ও আমরা খুঁজে বের করতে পারবো।” আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসরে ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গী ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপের চার দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। এদিকে মঙ্গলবার বেতন বৃদ্ধির সুখবর পেয়েছেন মিসবাহ ও তার সতীর্থরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৩০ জন ক্রিকেটারের ১৫ শতাংশ বেতন বৃদ্ধি পেয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকলেও ‘এ’ শ্রেণীবিভাগে আছেন শহীদ আফ্রিদি ও ইউনুস খান। তাদের সঙ্গে থাকা মিসবাহ, টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমলের মাসিক বেতন হবে পৌনে চার লাখ পাকিস্তানি রুপি। ‘বি’ শ্রেণীবিভাগে দুই লাখ ৬৫ হাজার রুপি এবং ‘সি’ শ্রেণীবিভাগের ক্রিকেটাররা এক লাখ ৬০ হাজার রুপি বেতন পাবেন।