২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ২০ ওভারের লড়াই

ওয়ানডে সিরিজ হার এবং অধিনায়ক মুশফিকুর রহিমের আকস্মিক পদত্যাগের ঘোষণায় টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে বাংলাদেশ তেমন স্বস্তিতে নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 10:44 AM

বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। বুলাওয়ায়োর মাটিতে এটাই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি রোববার।

ওয়ানডে সিরিজে হার এবং পদত্যাগের ঘোষণায় মুশফিক নিজেও এখন অস্বস্তিতে। তবু পেছনের হতাশা ঝেড়ে ফেলে সাফল্যের সন্ধানে উদগ্রীব বাংলাদেশের বিদায়ী অধিনায়ক।

তিনি বলেন, “টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ধরনের ক্রিকেট। দ্বিতীয় টেস্ট সহজে জেতার পর ওয়ানডে সিরিজ হার খুব হতাশাজনক। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।”

বুধবার ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ে সফর শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন মুশফিক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য মুশফিকের সিদ্ধান্ত মেনে নেয়নি। বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, মুশফিক দেশে ফেরার পর এ নিয়ে তদন্ত করা হবে। বাংলাদেশের টি-টোয়েন্টি অভিষেক জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় সেই ম্যাচে ৪৩ রানে জিতেছিল শাহরিয়ার নাফীসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এরপর আর ২০ ওভারের ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়নি। অবশ্য গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নিয়েছিল। তবে ঐ টুর্নামেন্ট আইসিসির অনুমোদন পায়নি। ২০১৩ সালে এটা বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমটিতে ১৭ রানে হেরেছিল তারা। তৃতীয় ওয়ানডেতে খেলা জহুরুল ইসলামের বদলে শনিবার উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমানের প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত। ওয়ানডে সিরিজে উপেক্ষিত অফস্পিনার সোহাগ গাজীও খেলতে পারেন।