২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের নতুন কোচ ওয়ালার

সাবেক ব্যাটসম্যান অ্যান্ডি ওয়ালারকে জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শেষে দায়িত্ব শুরু হবে তার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

৫৩ বছর বয়সী ওয়ালার ভারপ্রাপ্ত কোচ স্টেফান ম্যানগংগোর স্থলাভিষিক্ত হবেন। ম্যানগংগো হবেন সহকারী কোচ। ওয়ালারের নিয়োগ প্রসঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি পিটার চিঙ্গোকা বলেন, “ওয়ালার এমন সময়ে দায়িত্ব নিতে যাচ্ছেন যখন দলের কাছে আমাদের ভালো পারফরম্যান্সের প্রত্যাশা বেশি। আমরা আত্মবিশ্বাসী, আমাদের সামনে উপস্থাপন করা তার কৌশল এবং অনন্য কোচিং পদ্ধতি ইতিবাচক ফলাফল বয়ে আনবেই।” দায়িত্বটা পেয়ে আনন্দিত ওয়ালার বলেন, “আমাদের সামনে এখন ব্যস্ত সফরসূচী। ভবিষ্যতের জন্য একটি ভালো দল গড়াই আমার লক্ষ্য। ছেলেদের সঙ্গে কাজ করার জন্য আমি সাগ্রহে অপেক্ষা করছি।” ১৯৮৭ থেকে ১৯৯৭ পর্যন্ত ৩৯টি ওয়ানডে খেলে ৮১৮ এবং দুটি টেস্ট খেলে ৬৯ রান করা ওয়ালার ২০০৯ সালে জিম্বাবুয়ের কোচিং ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছিলেন। এরপর নামিবিয়ার জাতীয় দল ও জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের দল মিড-ওয়েস্ট রাইনোসের কোচ ছিলেন তিনি।