২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩৯১ রান করে দ্বিতীয় দিন শেষে ১৫৮ রানে অধিনায়ক ব্রেন্ডন টেইলরসহ জিম্বাবুয়ের ৪ ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ২৩৩ রানে এগিয়ে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 08:56 AM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস ৬ উইকেটে ৩০০ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

দিনের চতুর্থ ওভারে আম্পায়ার ইয়ান গৌল্ডের বিতর্কিত সিদ্ধান্তে এলবিডব্লিউর ফাঁদে পড়ে অভিষিক্ত জিয়াউর রহমানের বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয় নি।

অষ্টম উইকেটে সোহাগ গাজীর সঙ্গে নাসির হোসেনের ৫৩ রানের জুটি ধাক্কা সামলে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে যায়। ১০৭তম ওভারের শেষ বলে সোহাগ ও পরের ওভারের প্রথম বলে নাসিরকে বিদায় করে বিপজ্জনক এই জুটি ভাঙ্গেন গ্রেম ক্রেমার।

সোহাগ লং অনে এল্টন চিগুম্বুরার ক্যাচে পরিণত হন আর নাসির (৭৭) বোল্ড। নাসিরের ১০৩ বলের ইনিংসে ১১টি চার।

৩৬৭ রানে ৯ উইকেট হারানো বাংলাদেশকে চারশ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব রবিউল ইসলামের। ১৮ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি।

সাজেদুল ইসলামকে উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামির ক্যাচে পরিণত করে মধ্যাহ্ন-বিরতির আগেই অতিথিদের ইনিংস থামিয়ে দেন চিগুম্বুরা। ৭৫ রানে ৩ উইকেট নিয়ে তিনিই জিম্বাবুয়ের সেরা বোলার।

প্রথম টেস্টে অধিনায়ক মুশফিকুর রহিমের বিদায়ের পর শেষ চার উইকেটে কোনো রান যোগ করতে পারেনি বাংলাদেশ। এবার দলীয় ২৮০ রানে মুশফিকের বিদায়ের পর অতিথিরা শেষ ৪ উইকেটে ১১১ রান যোগ করে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে চট্টগ্রামে ৪৮৮ রান করেছিল তারা।

ব্যাট করতে নেমে রবিউলের তোপের মুখে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয় নি। ২৬ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি। রেগিস চাকাবভা ও ভুসিমুজি সিবান্দা দুজনই সাজঘরে ফেরেন মুশফিকের ক্যাচে পরিণত হয়ে।

এরপর নিজের প্রথম ওভারেই হ্যামিল্টন মাসাকাদজাকে বোল্ড করে দলকে আরেকটি সাফল্য এনে দেন সাকিব আল হাসান।

চতুর্থ উইকেটে ম্যালকম ওয়ালারের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন টেইলর। তাকে ডিপ মিডউইকেটে সাকিবের ক্যাচে পরিণত করে স্বাগতিকদের সবচেয়ে ধাক্কাটা দেন সোহাগ।

অতিথিদের বিপক্ষে সর্বশেষ তিন ইনিংসেই শতক করা টেইলর ব্যক্তিগত দুই রানে একটি সুযোগ দিয়েছিলেন মিডঅফে ফিল্ডিং করা তামিমকে। তিনি রান-আউট করার সহজ সেই সুযোগ কাজে লাগাতে পারেন নি।

টেইলরের বিদায়ের পর দিনের বাকি সময়টুকুতে অতিথিদের হতাশ করেছেন ওয়ালার ও চিগুম্বুরা। পঞ্চম উইকেটে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রবিউল ৩৪ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৯১ (তামিম ৪৯, জহুরুল ২৪, আশরাফুল ৪, মমিনুল ২৩, সাকিব ৮১, মুশফিক ৬০, নাসির ৭৭, জিয়া ১৪, সোহাগ ২১, সাজেদুল ০, রবিউল ২৪*; চিগুম্বুরা ৩/৭৫, মেথ ২/৪১, ক্রেমার ২/১০৯, শিঙ্গিরাই ১/৫২, জার্ভিস ১/১০৫)

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৫৮/৪ (সিবান্দা ১০, চাকাবভা ১২, হ্যামিল্টন ১৪, টেইলর ৩৬, ওয়ালার ৩০*, চিগুম্বুরা ৪৫*; রবিউল ২/৩৪, সোহাগ ১/২৯, সাকিব ১/৪০)