সহজ জয়ে শুরু কলকাতার
ষষ্ঠ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে সহজেই ৬ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স।
বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১২৮ রান করে দিল্লি। জবাবে ১৮ ওভার ৪ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানে মানভিন্দর বিসলা বিদায় নিলেও দ্বিতীয় উইকেটে জ্যাক ক্যালিসের (২৩) সঙ্গে ৪৭ ও তৃতীয় উইকেটে মনোজ তিওয়ারির (২৩) সঙ্গে ৪১ রানের দুটি ভালো জুটি গড়ে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান অধিনায়ক গৌতম গম্ভীর (২৯ বলে ৪২)।
দলীয় ৯৩ রানে গম্ভীরের বিদায়ের ৬ রান পর তিওয়ারিও তাকে অনুসরণ করেন। তবে এরপরও সহজ জয়ই পেয়েছে গত আসরের চ্যাম্পিয়নরা। পঞ্চম উইকেটে ৪ ওভার ২ বলে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়া ইউসুফ পাঠান ১৮ মর্গান ও এউইন মর্গান ১৪ রানে অপরাজিত থাকেন।
২২ রানে ২ উইকেট নিয়ে শাহবাজ নাদীম দিল্লি সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়েই উন্মুক্ত চাঁদ সাজঘরের পথ ধরলে শুরুটা ভালো হয়নি দিল্লির।
দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নারের সঙ্গে অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ৪৪ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। দিল্লির এই দুই ব্যাটসম্যানই কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন।
ষষ্ঠ ওভারে সুনীল নারায়নের বলে জ্যাক ক্যালিসের হাতে ক্যাচ দিয়ে ওয়ার্নার (২১) বিদায় নিলে ভাঙ্গে বিপজ্জনক হয়ে উঠা জুটি। অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় এরপর প্রায় একাই খেলতে হয়েছে মাহেলাকে।
উনিশতম ওভারের শেষ বলে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৬৬ রান করেন মাহেলা। তার ৫২ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা।
১৩ রানে ৪ উইকেট নিয়ে সুনীল কলকাতার সেরা বোলার।
