আইপিএলের জমকালো উদ্বোধন
কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ষষ্ঠ আসরের।
উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার হলেও উদ্বোধনী ম্যাচ হবে বুধবার। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস।
প্রায় দেড় ঘন্টা দীর্ঘ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অংশ নেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। ছিলেন মার্কিন র্যাপ সঙ্গীতশিল্পী পিটবুলও। এছাড়া গান করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী উষা উত্থুপ ও সুরকার বাপ্পী লাহিড়ী।
এবারের আইপিএলে ৯টি দল অংশ নেবে। কোচি টাস্কার্স কেরালার পর আইপিএল থেকে বাদ পড়েছে দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্স। ডেকানের জায়গায় এবার অংশ নিচ্ছে নতুন দল সানরাইজ হায়দ্রাবাদ।
নতুন দুই ভেন্যু রায়পুর ও রাঁচিসহ ১২টি ভেন্যুতে ৭৬টি ম্যাচ হবে এবার। ২৬ মে ইডেন গার্ডেন্সে ফাইনাল।
বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের জন্য ১৩ মে’র আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়র্স। অবশ্য চোটের কারণে টুর্নামেন্টের শুরু থেকে খেলার সুযোগও ছিল না তাদের। আইপিএলে এবারও নেই পাকিস্তানের কোনো ক্রিকেটার।
শুরু থেকেই বিতর্ক সঙ্গে নিয়ে মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। তামিল নাড়ুর মানুষের প্রতিবাদের মুখে এবার চেন্নাইয়ে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এর প্রতিবাদে আইপিএলে অংশ না নেয়ার জন্য উত্তরসূরীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন অর্জুনা রানাতুঙ্গা সহ শ্রীলঙ্কার কয়েক জন সাবেক ক্রিকেটার। তবে মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথিউসরা আইপিএলের লোভনীয় অর্থের হাতছানি এড়াতে পারেননি!
