শেষ টেস্টে নেই পিটারসেন
নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের আগে একটা দুঃসংবাদ পেয়েছে ইংল্যান্ড। হাঁটুর চোটের কারণে খেলতে পারবেন না কেভিন পিটারসেন।
এ মাসের শুরুতে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। তবে চোট তেমন গুরুতর না হওয়ায় ড্র হওয়া প্রথম দুই টেস্টেই খেলেছিলেন ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান।
কিন্তু চোটের অবস্থা খারাপ হওয়ায় অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পিটারসেনকে। তার স্ক্যান রিপোর্টে দেখা গেছে, ডান হাঁটুর অস্থিমজ্জা ও হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগামী ৩ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ষষ্ঠ আসরেও খেলতে পারবেন না পিটারসেন। আইপিএলে তার দল দিল্লি ডেয়ারডেভিলস।
