ভালো শুরুর পরও অস্বস্তিতে অস্ট্রেলিয়া
উদ্বোধনী জুটিতে ১৩৯ রান উঠলেও ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া তেমন স্বস্তিতে নেই। শুক্রবার দ্বিতীয় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৭ উইকেটে ২৭৩ রান।
বৃষ্টির কারণে প্রথম দিনে একটিও বল হতে পারেনি। মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দুই টেস্টের হার এবং নিয়ম ভঙ্গের দায়ে চার গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বহিষ্কারে হতোদ্যম অস্ট্রেলিয়াকে দারুণ সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার ও এড কাওয়ান।
কিন্তু রবীন্দ্র জাদেজা ওয়ার্নারকে (৭১) মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দী করার পর পাল্টে যায় দৃশ্যপট। পরের বলেই মাইকেল ক্লার্ককে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন জাদেজা।
চার নম্বরে নামা ফিল হিউজও বেশিক্ষণ টিকতে পারেননি। বিনা উইকেটে ১৩৯ থেকে ৩ উইকেটে ১৫১ রানে পরিণত অস্ট্রেলিয়া তখন বেশ চাপের মধ্যে।
চতুর্থ উইকেটে স্টিভেন স্মিথের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে বিদায় নেন কাওয়ান। তার ৮৬ রানের ধৈর্য্যশীল ইনিংসে বল ২৩৮টি, চার মাত্র ৮টি।
কাওয়ান বিদায় নিলেও আহত উইকেট রক্ষক ম্যাথু ওয়েডের জায়গায় সুযোগ পাওয়া ব্র্যাড হ্যাডিনের সঙ্গে ৪৬ রানের আরেকটি ভালো জুটি গড়ে দলকে শক্ত জায়গায় পৌঁছে দেয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন স্মিথ।
কিন্তু ইশান্ত শর্মা তিন বলের ব্যবধানে হ্যাডিন (২১) ও মোইজেস হেনরিক্সকে ফিরিয়ে দিয়ে (দুজনই বোল্ড) আবার চাপে ফেলে দেন অতিথিদের। স্কোর তখন ২৪৪/৬।
৭ রান যোগ হওয়ার পর পিটার সিডলকে এলবিডব্লিউ করেন জাদেজা। দিনের বাকি প্রায় ৬ ওভার মিচেল স্টার্ককে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দেন স্মিথ।
দিন শেষে স্মিথ ৫৮ ও স্টার্ক ২০ রানে অপরাজিত। ৫৬ রানে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বোলার জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৭৩/৭ (কাওয়ান ৮৬, ওয়ার্নার ৭১, ক্লার্ক ০, হিউজ ২, স্মিথ ৫৮*, হ্যাডিন ২১, হেনরিক্স ০, সিডল ০, স্টার্ক ২০*; জাদেজা ৩/৫৬, ইশান্ত ২/৪১, ওঝা ১/৬২, অশ্বিন ১/৬৪)
