২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় বছর পর ওয়ানডে দলে আশরাফুল

প্রস্তুতি ম্যাচে শতকের পর গল টেস্টে ১৯০ রান করার পুরস্কার পেতে দেরি হয়নি মোহাম্মদ আশরাফুলের। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে তাকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

হাম্বানটোটায় ২৩ ও ২৫ মার্চ প্রথম দুটি ওয়ানডে ও ২৮ মার্চ পাল্লেকেলেতে শেষ ওয়ানডে হবে।

প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে ফিরলেন আশরাফুল। ২০১১ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি।

আশরাফুল ছাড়াও ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন এবং দুই পেসার নাজমুল হোসেন ও আবুল হাসান।

মোশাররফের প্রত্যাবর্তন প্রায় ৫ বছর পর। ভারতের বিতর্কিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইসিএলে অংশ নেয়ার আগে ৩টি ওয়ানডে খেলেছিলেন তিনি।

গত নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটো ওয়ানডে খেললেও চোটের কারণে শেষ তিন ম্যাচের দলে ছিলেন না হাসান। আর গত মার্চে এশিয়া কাপের ফাইনালের পর থেকে উপেক্ষিত নাজমুলের ফেরা ঠিক এক বছর পর।

অস্ত্রোপচারের ধকল কাটিয়ে সে্রে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকা সাকিব আল হাসান ও বিপিএলের ফাইনালে গোড়ালিতে চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজার জায়গা হয়নি অনুমিত ভাবেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলা শফিউল ইসলাম আর নাঈম ইসলামও সুযোগ পাননি।

ওয়ানডে দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, নাসির হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, সোহাগ গাজী, জহুরুল ইসলাম, এনামুল হক, মমিনুল হক, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন ও নাজমুল হোসেন।