নাসিরের প্রথম টেস্ট শতক
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা ও খুলনা টেস্টে দুবার শতকের খুব কাছ থেকে ঘুরে আসা নাসির হোসেন প্রথম শতকের দেখা পেয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে তিলকারত্নে দিলশানের শিকারে পরিণত হওয়ার আগে ১০০ রান করেন তিনি।
ঢাকা টেস্টে ৯৬ ও খুলনা টেস্টে ৯৪ রানে আউটের হতাশা ভুলেছেন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে মোহাম্মদ আশরাফুলের বিদায়ের পর মাঠে নেমে শুরু থেকেই খেলেছেন আত্মবিশ্বাসী সব শট।
ষষ্ঠ উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে তার ১০৬ রানের জুটি বাংলাদেশকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত লিড নেয়ার দিকে নিয়ে যায়। প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বি-শতকে পৌঁছানো মুশফিককে চাপ মুক্ত রাখে নাসিরের সাবলীল ব্যাটিং।
মুশফিকের বিদায়ের পর টেল এন্ডারদের নিয়ে নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথমবারের মত ছয়শ পেরুয় অতিথিরা। নাসিরের ১৫১ বলের ইনিংসে ৯টি চার।
