২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় শুরুতেই উজ্জ্বল সোহাগ

অফস্পিনার সোহাগ গাজীর দারুণ বোলিংয়ের পরও তিন দিনের প্রস্তুতি ম্যাচে বড় সংগ্রহ গড়ছে শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট ইমার্জিং দল। কিথুরুয়ান ভিথাঙ্গের অপরাজিত শতকের সৌজন্যে প্রথম দিন শেষে ৯ উইকেটে ৩৯৮ রান করেছে স্বাগতিকরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2013, 12:24 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

মুতারার উয়াইনওয়াত্তে স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে অশেন সিলভার সঙ্গে উদারা জয়াসুন্দরার ৫২ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের ভালো সূচনা এনে দেয়।

জয়াসুন্দরাকে বোল্ড করে দলকে প্রথম সাফল্য এনে দেন সোহাগ। এরপর রুবেল হোসেন সিলভাকে, ইলিয়াস সানি শেহান জয়াসুরিয়াকে এবং সোহাগ অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরাকে দ্রুত ফিরিয়ে দিলে ১০৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা।

পঞ্চম উইকেটে অশান প্রিয়াঞ্জনের সঙ্গে ভিথাঙ্গের ১৫৯ রানের জুটি ধাক্কা সামলে স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। প্রিয়াঞ্জনকে জহুরুল ইসলামের ক্যাচে পরিণত করে অতিথিদের জন্য বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙ্গেন সোহাগ।

২৬৩ রানে ৫ উইকেট হারানো ডেভেলপমেন্ট ইমার্জিং দলকে চারশর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব ভিথাঙ্গের। প্রিয়াঞ্জনের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে তাকে। শেষ পর্যন্ত ১৫৭ রানে অপরাজিত থাকেন ভিথাঙ্গে। তার ১৫৭ বলের ইনিংসে ১৭টি চার ও ২টি ছক্কা।

১০৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সোহাগ।

চুক্তি নিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের চলমান সঙ্কটে প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের পর থেকে ক্রিকেটের বাইরে আছেন তিনি।

দিনের খেলা শেষে সোহাগ বলেন, “উইকেট পুরোপুরি ব্যাটিং সহায়ক আর এখানে প্রচণ্ড গরম। সব মিলিয়ে এটা ছিল আমাদের জন্য খুব কঠিন একটি দিন। নিজের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। রান বেধে রাখতে পারলে দিনটা আরো ভালো হতে পারত।”

“প্রস্তুতি ম্যাচ খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ কাজে লাগাতে হবে। শ্রীলঙ্কার ইমার্জিং দল বেশ শক্তিশালী,” যোগ করেন তিনি।

প্রতিপক্ষকে অলআউট করতে না পারলেও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট জানিয়ে সোহাগ বলেন, “ওদের অলআউট করতে না পারা দুর্ভাগ্য। পেসার রুবেল (হোসেন) আজ দারুণ বল করেছেন। অন্যরাও সাধ্যমত চেষ্টা করেছেন।”

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট ইমার্জিং দল প্রথম ইনিংস: ৩৯৮/৯ (সিলভা ২৯, জয়াসুন্দরা ২০, জয়াসুরিয়া ২৬, পেরেরা ১৫, ভিথাঙ্গে ১৫৭*, প্রিয়াঞ্জন ৮৩, ডিকওয়াল্লা ১৪, জয়ারত্নে ৫, মেন্ডিস ৬, গামাগে ১৮, মদুশঙ্কা ০*; সোহাগ ৫/১০৩, সানি ২/৭৪, মাহমুদুল্লাহ ১/৩৫, রুবেল ১/৭১)