দ্বিতীয় টেস্টের বড় অংশ জুড়ে নিরাপত্তা
বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যুর দুঃসহ যন্ত্রণার ক্ষত এখনো শুকায়নি। এই ক্ষত সঙ্গে নিয়েই শনিবার থেকে হায়দ্রাবাদে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
মহেন্দ্র সিং ধোনি অবশ্য খেলা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না। চেন্নাইয়ে ক্যারিয়ার-সেরা ২২৪ রানের ইনিংস খেলে দলকে চার টেস্টের সিরিজে এগিয়ে দেয়া ভারত অধিনায়ক হায়দ্রাবাদে আরেকটি স্পিন সহায়ক উইকেটের প্রত্যাশায়।
সেটাই স্বাভাবিক। প্রথম টেস্টে অতিথিদের ২০টি উইকেটই তুলে নিয়েছেন তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং আর রবীন্দ্র জাদেজা। এর মধ্যে অশ্বিন একাই নিয়েছেন ১২ উইকেট।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেও অশ্বিনের দিকে তাকিয়ে ভারত। গত অগাস্টে একই মাঠে এই দীর্ঘদেহী অফস্পিনার ৮৫ রানে ১২ উইকেট নিয়ে প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডকে। ভারত ম্যাচটি জিতেছিল এক ইনিংস ও ১১৫ রানে।
দ্বিতীয় টেস্টের আগে নেটে স্থানীয় স্পিনারদের চেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তাদের অনুরোধে সাড়া দেয়নি স্বাগতিকরা। কিছু দিন আগে ইংল্যান্ডের কাছে প্রায় তিন দশক পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ হেরে যাওয়া ভারত অস্ট্রেলিয়াকে কোনো ছাড় দিতে রাজি নয়।
তবু হায়দ্রাবাদের পিচ আশা দেখাচ্ছে মাইকেল ক্লার্ককে। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, “এখানকার উইকেট বেশ শক্ত। আশা করি পেসাররা সহায়তা পাবে।”
পিচ দেখে আশাবাদী শেন ওয়াটসনও। তিনি বলেন, “টেস্টের জন্য এটা দারুণ পিচ বলে মনে হচ্ছে। ভালো পেস আর বাউন্স যেমন থাকবে, তেমনি ব্যাটসম্যানদের জন্যও থাকবে রান করার সুযোগ।”
