২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হল ‘মিশন শ্রীলঙ্কা’র প্রস্তুতি

বিপিএল শেষে এবার বাংলাদেশ দলের সামনে শ্রীলঙ্কা সফরের কঠিন পরীক্ষা। আগামী মাসের এই সফরকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে অনুশীলন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

প্রথম দিনের অনুশীলনে অবশ্য মাত্র ১২ জন ক্রিকেটার ছিলেন। তাদের সঙ্গে একটি সেশন কাটানোর পর নতুন ফিল্ডিং কোচ কোরি রিচার্ডস বলেন, “আমরা ভালো একটি সেশন কাটিয়েছি। সবার আগে সাদা বল থেকে লাল বলে ফেরার অনুশীলন করতে হয়েছে ব্যাটসম্যানদের। অফ স্টাম্পের বাইরের বলেও তাদের মনোনিবেশ করতে হয়েছে। ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে খুব ভালো একটা সেশন কেটেছে।” “আমি ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছি। অস্ট্রেলিয়ায় সিডনি সিক্সারসের ব্যাটিং কোচ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে প্রধান কোচের দায়িত্ব পালন করেছি। মূলত ব্যাটিং কোচ হলেও ফিল্ডিং সেশনে আমি অনেক সময় কাটিয়েছি। আমি বাংলাদেশ দলকে ফিল্ডিং-ব্যাটিং দুটোতেই সাহায্য করতে সাগ্রহে অপেক্ষা করছি,” যোগ করেন তিনি। কোরি রিচার্ডস আরো বলেন, “বাংলাদেশ দলে কয়েক জন অস্ট্রেলিয়ান কোচ আছেন। তাদের আমি ভালো মতো চিনি। ক্রিকেটারদের ব্যাকগ্রাউন্ড, তাদের সক্ষমতা ও উন্নতির জায়গাগুলো জানি। আগামী কয়েকটি সপ্তাহের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা শ্রীলঙ্কায় যাব। দলের উন্নতির জন্য যত কঠোর পরিশ্রম করার প্রয়োজন হোক না কেন, তার জন্য আমি প্রস্তুত।” ফিল্ডিংকে ক্রিকেটারদের জন্য উপভোগ্য করে তুলতে চান জানিয়ে রিচার্ডস বলেন, “ক্রিকেটাররা যখন ফিল্ডিং উপভোগ করে না তখন তারা অলস হয়ে যায়। নিজের অভিজ্ঞতার কথা আমি ক্রিকেটারদের জানাতে চাই। ফিল্ডিংয়ে উন্নতি করা খুব চ্যালেঞ্জিং আর আমি সেই চ্যালেঞ্জটাই নিতে চাই। আগামী ১২ মাসে আমি তাদের ফিল্ডিংয়ের মানের উন্নতি দেখতে চাই।” শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।