২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিশোধ নিয়ে সেমিফাইনালে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবারের প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীকে ৩৩ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম কিংস। দুই দলের প্রথম দেখায় চট্টগ্রাম হারে ২ রানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 11:58 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

১১ খেলায় ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকা চট্টগ্রাম শনিবার প্রথম সেমিফাইনালে খেলবে। তাদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আছে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে থাকা রাজশাহী, ১১ খেলায় ১০ পয়েন্ট নিয়ে চারে থাকা রংপুর রাইডার্স ও ১০ খেলায় ৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা বরিশাল বার্নার্সের।

এর আগে শুক্রবার ‘রেইস টু ফাইনাল’ এ খেলবে টুর্নামেন্টের দুই শীর্ষ দল ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও সিলেট রয়্যালস।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯৩ রান করে চট্টগ্রাম। জবাবে ৬ উইকেটে ১৬০ রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ রান করা চার্লস কভেন্ট্রির আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরুটা ভালোই হয় রাজশাহীর।

দ্বিতীয় উইকেটে দিলশান মুবাবীরার (২৫ বলে ৩৫) সঙ্গে ৬৬ ও তৃতীয় উইকেটে জিয়াউর রহমানের (১৭ বলে ২৬) ৪৬ রানের দুটি কার‌্যকর জুটি গড়ে দলকে স্বপ্ন দেখাচ্ছিলেন সাইমন ক্যাটিচ।

দলীয় ১৪১ রানে জিয়ার বিদায়ের পর জহুরুল ইসলাম ও ক্যাটিচও সাজঘরের পথ ধরলে আর পেরে উঠেনি প্রথম আসরের সেমিফাইনালিস্ট দলটি। ৫৩ রান করা ক্যাটিচের ৩৯ বলের ইনিংসে ৬টি চার।

চট্টগ্রামের পক্ষে রুবেল হোসেন ও শন টেইট দুটি করে উইকেট নেন।

এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই নাঈম ইসলামের বিদায়ে চট্টগ্রামের শুরুটা মোটেও ভালো হয়নি।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক ব্রেন্ডন টেইলরের সঙ্গে জেসন রয়ের ৭১ রানের জুটি চট্টগ্রামকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ২১ বলে দুটি করে ছক্কা ও চারের সাহায্যে ৩০ রান করে টেইলর বিদায় নিলে ভাঙ্গে ৪৫ বল স্থায়ী এই জুটি।

ছন্দে থাকা রায়ান টেন ডোসকাটের সঙ্গে জেসনের ৬২ বলে ১১৭ রানের আরেকটি ভালো জুটি চট্টগ্রামের স্কোর দুশ রানের কাছাকাছি নিয়ে যায়। শেষ ওভারে আউট হওয়ার আগে ৬৫ রান করেন ডোসকাটে। তার ৩৯ বলের ইনিংসে ৩টি চার ও ৪টি ছক্কা।

উদ্বোধনী ব্যাটসম্যান জেসন অপরাজিত থাকেন ৯২ রানে। তার ৫৫ বলের ইনিংসটি ৪টি ছক্কা ও ৮টি চার সমৃদ্ধ।