২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের অর্থ পরিশোধ নিয়ে জটিলতা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভার্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাধ্যমে টাকা না নিলে ক্রিকেটারদের পাওনার ব্যাপারে তারা কোনো দায়-দায়িত্ব নেবেন না।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 02:57 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “চট্টগ্রাম ও সিলেট সরাসরি ক্রিকেটারদের টাকা দিয়েছে। বোর্ডকে না জানিয়ে টাকা নিয়ে ক্রিকেটাররা ভালো করেনি। ভবিষ্যতে তাদের পাওনা নিয়ে কোনো ঝামেলা হলে তার দায় বোর্ড ও গভার্নিং কাউন্সিল নেবে না।

আফজালুর রহমান সিনহা আরো বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের জানিয়েছে, ক্রিকেটাররা চাপ দিয়ে টাকা দিতে বাধ্য করেছে। বোর্ডের মাধ্যমে হলে ক্রিকেটাররা নিলামের টাকাই পেতেন। এখন এর অন্যথা হলে আমাদের পক্ষে তার সমাধান করা সম্ভব হবে না।”

এ ব্যাপারে গভার্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক বলেন, “কোয়াবের (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) মাধ্যমে আমরা আগেই ক্রিকেটারদের সরাসরি ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে টাকা না নেয়ার কথা বলেছিলাম। আগামীকাল (বুধবার) কোয়াবের মাধ্যমে আমরা আবারো তাদের এ কথা জানাবো। বোর্ড দায়িত্ব নেয়ায় টাকা পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা থাকার কথা নয়।”

বিপিএলের প্রথম আসরের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ২৫ শতাংশ, শেষ হওয়ার আগে আরো ২৫ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার ৬ মাসের মধ্যে বাকি পঞ্চাশ শতাংশ অর্থ পরিশোধ করার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দিয়েছিল গভার্নিং কাউন্সিল।

সে অনুযায়ী ১৮ জানুয়ারির মধ্যে প্রথম কিস্তির টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু তা না হওয়ায় ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।

এই সময়ের মধ্যে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও খুলনা রয়েল বেঙ্গলস ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা দেয় নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে মঙ্গলবার পর্যন্ত আবার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।