খুলনার ঘটনায় তামিমের অনুতাপ
খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে এক দর্শকের দিকে তেড়ে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনুতপ্ত তামিম ইকবাল।
সোমবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বরিশাল বার্নার্সের বিপক্ষে খেলা শেষে সংবাদ সম্মেলনে দুরন্ত রাজশাহীর উদ্বোধনী ব্যাটসম্যান বলেন, “ফেসবুকে আমার একটা ফ্যান পেইজ আছে। তাতে আমি একটা বক্তব্য দিয়েছি। তারপরও বলছি, একজন ‘আইকন’ ক্রিকেটার হিসেবে আমার কাছ থেকে এমন আচরণ কেউ আশা করে না।”
“কিন্তু আমি তো একজন মানুষ। নিজের বাবা-মাকে নিয়ে বাজে মন্তব্য শুনলে কে নিজেকে ধরে রাখতে পারে? আমিও পারিনি,” যোগ করেন তিনি।
ভক্তদের কাছে ক্ষমা চাইলেও ঐ বিশেষ ধরণের ‘ভক্তে’র প্রতি ক্ষোভ প্রকাশ করে তামিম বলেন, “ভক্তরা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরও আমি বলতে চাই, এমন ভক্ত আমার দরকার নেই।”
তিনি আরো বলেন, “নিরাপত্তা বাহিনীও ভালো মতোই জানে, ঐ ঘটনায় আমার কোনো দোষ নেই। তারা তো ছেলেটিকে আটক করেছিল। ছেলেটিকে নিয়ে কী করবে আমার কাছে তা জানতেও চেয়েছিল তারা। আমি তাকে ছেড়ে দিতে বলি। আমি মনে করি ঘটনাটার এখানেই সমাপ্তি।”
গত ২২ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ব্যাট করে সাজঘরে ফেরার পথে এক দর্শকের দিকে তেড়ে যান তামিম। ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওচিত্রে দেখা যায়, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে মারতে যাওয়ার ভঙ্গি করেন তিনি। তাকে গালমন্দ করতেও শোনা যায়।
