২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা সফল: জাকা আশরাফ

“বাংলাদেশের পাকিস্তান সফরের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আমার আলোচনা হয়েছে এবং এই আলোচনা ইতিবাচক।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আশিফ আহাম্মেদ রম্য, ক্রীড়া সম্পাদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 03:31 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা ‘সফল’ বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফর নিয়ে পিসিবি সভাপতির সঙ্গে আলোচনার জন্য নাজমুল হাসান দিল্লি গেছেন। সেখানে দু পক্ষের আলোচনা শেষে সোমবার জাকা আশরাফ বলেন, “বাংলাদেশের পাকিস্তান সফরের সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আমার আলোচনা হয়েছে। এবং এই আলোচনা ছিল ইতিবাচক।”

“বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানের ক্রিকেটারদের অংশগ্রহণে কোনো নিষেধাজ্ঞা আরোপ করবে না পিসিবি,” যোগ করেন তিনি।

গত ৩১ ডিসেম্বর হোটেল রূপসী বাংলায় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় নাজমুল হাসান জানিয়েছিলেন, “পাকিস্তানের পরিস্থিতি অবনতির দিকে। এই সফর নিয়ে দেশের ভেতরে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া সমীচীন হবে না। আমাদের পাকিস্তানে ক্রিকেট দল না পাঠানোর কথা বলা হয়নি। তবে এই সফরের জন্য আরো অপেক্ষা করতে বলা হয়েছে।”

গত রোববার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডস পাকিস্তানকে সফরের জন্য ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে জাকা আশরাফ জানান, পিসিবির সঙ্গে আলোচনার পর রিচার্ডসের মনোভাবে পরিবর্তনে এসেছে।

পিসিবি সভাপতি বলেন, “গতকাল (রোববার) আইসিসির সঙ্গে এ ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। তারা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ব্যাপারে আমাদের সঙ্গে একমত। গত বছর আইসিসির একটি দল পাকিস্তান সফর করেছিল। তাদের রিপোর্টও ইতিবাচক।”

২০০৯ সালের ২ মার্চ লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি।