সফল বিপিএলের প্রত্যাশায় বিসিবি সভাপতি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম আসরে অংশ নেয়া স্থানীয় ক্রিকেটারদের বকেয়া এখনো সম্পূর্ণ শোধ করা হয়নি। তবুও স্বচ্ছ ও সফল দ্বিতীয় আসরের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম আসরে অংশ নেয়া স্থানীয় ক্রিকেটারদের বকেয়া এখনো সম্পূর্ণ শোধ করা হয়নি। তবুও স্বচ্ছ ও সফল দ্বিতীয় আসরের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিপিএলের প্রথম আসরের সব সমস্যার সমাধান করা যায়নি। মূল সমস্যাগুলো চিহ্নিত করেছি, কিছু সমস্যার সমাধানও হয়েছে।”
“এবার সব কিছু হবে লিখিত চুক্তির মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ায়। কেউ নিয়ম ভাঙ্গলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুযোগ থাকবে। এবার তাই কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই,” যোগ করেন বিসিবি সভাপতি।
ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির পরিচালক ও কর্মকর্তারা যুক্ত থাকায় প্রথম আসরে কিছু সমস্যা হওয়ার কথা স্বীকার করে নাজমুল হাসান বলেন, “ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক বা কর্মকর্তারা বিপিএলের সঙ্গে জড়িত হতে পারবেন না। বোর্ডের কেউ বিপিএলে ব্যবসায়িকভাবে লাভজনক কোনো কিছুর সঙ্গেও যুক্ত হতে পারবেন না। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সাধারণ সম্পাদক আই এইচ মল্লিক সূচনা বক্তব্যে বলেন, “আগামী ১৭ জানুয়ারি বিপিএলের দ্বিতীয় আসরের উদ্বোধন হবে। খেলা শুরু হবে পরদিন থেকে। ঢাকা ও চট্টগ্রাম মূল ভেন্যু, এছাড়া খুলনা ও সিলেটেও খেলা হবে।”
“২০ ডিসেম্বর ক্রিকেটারদের নিলাম। সপ্তম ফ্র্যাঞ্চাইজি হবে রংপুর। নিলামের ব্যাপারে প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে গেমঅন,” যোগ করেন তিনি।
লিখিত চুক্তিতে খেলোয়াড়দের পাওনা পরিশোধের নিয়ম থাকার কথা জানিয়ে আই এইচ মল্লিক বলেন, “নিলামের পর খেলা শুরু হওয়ার আগে খেলোয়াড়দের ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। প্রতিযোগিতা চলার সময় দলের শেষ খেলার আগে আরো ২৫ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে। খেলা শেষ হওয়ার ৬ মাসের মধ্যে অবশিষ্ট ৫০ শতাংশ অর্থ পরিশোধ করতে হবে।”
বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা বলেন, “সব সমস্যা সমাধানে আরো সময় প্রয়োজন। বিপিএল পেছানোর কোনো সুযোগ নেই। পরে আর সময় পাওয়া যাবে না।”
“ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবিকে টাকা দেবে আর বিসিবি খেলোয়াড়দের অর্থ পরিশোধ করবে। আমরা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনায় বসে তাদের ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে কোনো দল অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া তা শিগগিরই ঠিক করা হবে,” যোগ করেন তিনি।
বহুল আলোচিত চুক্তির ব্যাপারে আফজালুর রহমান সিনহা বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছিল তারা গেম অনের সঙ্গে চুক্তি করতে রাজি নয়। এবার বিসিবির সঙ্গে চুক্তি করবে তারা।”
