ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘মাত্র’ ১৩৩ রান তাড়া করতে নেমে ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিলো পাকিস্তান। কিন্তু উমর আকমল ও উমর গুলের দারুণ ব্যাটিং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ২ উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছে তাদের।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৩৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৯ ওভার ৪ বলে ৮ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে ৩৭ রানে প্রথম চার ব্যাটসম্যান সাজঘরে ফিরে এলে পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। পঞ্চম উইকেটে শোয়েব মালিকের (১২) সঙ্গে উমর আকমলের ২৬ রানের জুটি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।
কিন্তু দলীয় ৬৩ রানে শোয়েবের বিদায়ের পর শহীদ আফ্রিদি (০) ও ইয়াসির আরাফাতের (৩) দ্রুত বিদায় পাকিস্তানের বিপদ আরো বাড়ায়।
অষ্টম উইকেটে ৪ ওভার ৩ বলে গুলের (১৭ বলে ৩২) সঙ্গে উমর আকমলের ৪৯ রানের জুটি জয়ের পথে নিয়ে আসে পাকিস্তানকে। ডেল স্টেইন উনিশতম ওভারটি করতে এসে ৬ রান দিয়ে গুলকে ফেরত পাঠিয়ে পাকিস্তানকে শঙ্কায় ফেলে দেন।
তবে মর্নে মরকেলের করা শেষ ওভার থেকে প্রয়োজনীয় ৯ রান তুলে নিতে কোনো ভুল করেন নি উমর আকমল। শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৪১ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা।
২২ রানে ৩ উইকেট নিয়ে ডেল স্টেইন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ২৮ রানে প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরায় দক্ষিণ আফ্রিকার শুরুটা মোটেও ভালো হয়নি। তৃতীয় উইকেটে ফারহান বেহারডিনের (১৮) সঙ্গে ৩৮ ও চতুর্থ উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (২৫) সঙ্গে ৪৪ রানের দুটি ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন জেপি ডুমিনি।
দলীয় ১২৩ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৪৮ রান করেন ডুমিনি। তার ৩৮ বলের ইনিংসে দুটি করে চার ও ছক্কা। তার বিদায়ের পর বেশি দূর এগোয়নি দক্ষিণ আফ্রিকার ইনিংস।
পাকিস্তানের পক্ষে অধিনায়ক মোহাম্মদ হাফিজ ও আরাফাত দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২২ ঘ.
bdnews24