ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবারের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে সহজেই ১১৬ রানে হারিয়ে শিরোপা ধরে রাখার লড়াই শুরু করেছে ইংল্যান্ড। ‘এ’ গ্র“পের প্রথম ম্যাচেও আফগানিস্তান হারায় ভারত ও ইংল্যান্ড উঠে গেছে সুপার এইটে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান করে ইংল্যান্ড। জবাবে ১৭ ওভার ২ বলে ৮০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানেই ৮ উইকেট হারানো আফগানিস্তান ভীষণ বিপদে পড়ে যায়। সেখান থেকে গুলবুদ্দিনের ৪৪ রানের সৌজন্যে একশর কাছাকাছি পৌঁছায় যুদ্ধ বিধ্বস্ত দেশটি। ৩২ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। নাইব ছাড়া আফগানিস্তানের কেউ দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেনি।
ইংল্যান্ডের পক্ষে চারজন বোলার দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে ক্রেইগ কিসওয়েটারের বিদায়ে ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো হয় নি। সে সময় কিসওয়েটার তো বটেই ইংল্যান্ডও রানের খাতা খুলেনি।
আলেক্স হালেসের (৩১) সঙ্গে রাইটের ৬৯ রানের জুটি ধাক্কা সামাল দিয়ে ইংল্যান্ড শিবিরে স্বস্তি¡ ফেরায়। তৃতীয় উইকেটে ইয়ন মর্গানের (২৭) সঙ্গে ৭২ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান রাইট।
এরপর জস বাটলার (১৫) ও জনি বেয়ারস্টো (১২) দ্রুত বিদায় নিলেও রাইটের অপরাজিত ৯৯ রানের সুবাদে দুশর কাছাকাছি সংগ্রহ গড়ে ইংল্যান্ড। রাইটের ৫৫ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৮ ঘ.
bdnews24