২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত মানলে সম্প্রচার স্বত্ব পাবে ভার্গো মিডিয়া

শর্ত সাপেক্ষে বাংলাদেশে অনুষ্ঠেয় ক্রিকেট সিরিজের সম্প্রচার স্বত্বের জন্য প্রাথমিকভাবে ভার্গো মিডিয়াকে (চ্যানেল নাইন) মনোনীত করেছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2012, 02:36 PM

Updated : 24 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত সাপেক্ষে বাংলাদেশে অনুষ্ঠেয় ক্রিকেট সিরিজের সম্প্রচার স্বত্বের জন্য প্রাথমিকভাবে ভার্গো মিডিয়াকে (চ্যানেল নাইন) মনোনীত করেছে বিসিবি। এ জন্য প্রতিষ্ঠানটিকে নতুন করে দেড় কোটি ডলারের দরপ্রস্তাব দিতে বলা হয়েছে। শুক্রবার রাতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান সভাপতি আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, “প্রাথমিকভাবে ভার্গো মিডিয়াকে সম্প্রচার স্বত্ব দেয়ার সিদ্ধান্ত হয়েছে। কাগজপত্রে ত্রুটি থাকায় সর্বোচ্চ দরদাতা হওয়া সত্বেও স্পোর্টি সলিউশন বাদ পড়েছে। সেক্ষেত্রে ভার্গো মিডিয়াকে সর্বোচ্চ দরদাতার সমপরিমাণ, অর্থ্যাৎ দেড় কোটি ডলারের দরপ্রস্তাব দিতে সাত দিন সময় দেয়া হয়েছে।” বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফএটিপি) আগামী নভেম্বর থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলোর সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করে। দরপত্র জমা দেয়ার সময়সীমা ছিল ১২ সেপ্টেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে স্পোর্টি সলিউশন দেড় কোটি এবং ভার্গো মিডিয়া ৬০ লাখ ডলার দরপ্রস্তাব দেয়। তবে আশানুরূপ সাড়া না পাওয়ায় দরপত্র জমা দেওয়ার সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছিল। এর আগে গত ৪ সেপ্টেম্বর বিসিবির জরুরি সভায় সম্প্রচার স্বত্বের শর্ত শিথিল করা হয়। সম্প্রচার, প্রোডাকশন ও বিপণনের মধ্যে যে কোনো একটি বিভাগে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলেই দরপত্রে অংশ নেয়ার সুযোগ দেয়া হয় এবার। দরপ্রস্তাব চূড়ান্ত করার এই পুরো প্রক্রিয়াটি দেখভাল করে বিসিবির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনামের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি। উল্লেখ্য, চার বছরের জন্য স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হলেও এসব সিরিজের মধ্যে ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ অন্তর্ভুক্ত নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি ইভেন্ট হওয়ায় তা সম্প্রচারের বিষয়ে সিদ্ধান্ত নেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২০০৬ সালে পাঁচ কোটি ৬০ লাখ ডলারে নিম্বাসের সঙ্গে ৬ বছরের জন্য এই চুক্তি করেছিল বিসিবি। গত ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলেও অর্থের একটি বড় অংশ বিসিবি এখনো পায়নি। পাওনা আদায়ে সিঙ্গাপুরের সালিশি আদালতে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএইচ/এল/২০৩৪ ঘ.