ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতিহাসের সফলতম ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের খেলায় কি এখন বয়সের নেতিবাচক প্রভাব? সরাসরি না বললেও আরেক ‘লিটল মাস্টার’ সুনীল গাভাস্কারের কথায় তেমনই ইঙ্গিত!
ব্যাঙ্গালোর টেস্টের দুই ইনিংসেই বোল্ড হওয়া টেন্ডুলকারের ফুটওয়ার্ক নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জরেকার। দুজনই এখন জনপ্রিয় টিভি ধারাভাষ্যকার।
হায়দরাবাদে প্রথম টেস্টে একবারই ব্যাট করার সুযোগ পান আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতক করা টেন্ডুলকার। কিন্তু মাত্র ১৯ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে যান ভারতীয়দের ‘ক্রিকেট-ঈশ্বর’।
ব্যাঙ্গালোরেও তিনি বোল্ডে বৃত্তাবদ্ধ। প্রথম ইনিংসে ডগ ব্রেসওয়েল আর সোমবার দ্বিতীয় ইনিংসে টিম সাউদি টেন্ডুলকারের ঘাতক। দুবারই দুর্বল ফুটওয়ার্কের বলি হয়ে বোল্ড টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক।
প্রিয় উত্তরসূরীর এই দুর্দশায় গাভাস্কার ভীষণ উদ্বিগ্ন। তিনি বলেন, “দুবারই শচীন সামনের দিকে পা বাড়িয়ে খেলেনি।” মাঞ্জরেকারও তার পর্যবেক্ষণের সঙ্গে একমত।
ভারতের সাবেক উইকেটরক্ষক ও গাভাস্কারের দীর্ঘ দিনের সতীর্থ সৈয়দ কিরমানি অবশ্য মনে করেন, এভাবে টেন্ডুলকারের সমালোচনা করা ঠিক নয়। যদিও তিনি বলেন, “সম্ভবত তার (টেন্ডুলকার) বয়স কথা বলছে। সে আগের মতো দ্রুত শট খেলতে পারে না বলেই মনে হচ্ছে।”
গত বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট শতকের দেখা পাওয়া টেন্ডুলকারের সময়টা তেমন ভালো যাচ্ছে না। সর্বশেষ ১১ টেস্টে তার গড় ক্যারিয়ার গড়ের (৫৫.০৮) এর চেয়ে প্রায় ২০ কম!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৩৯ঘ.
bdnews24