২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্বিন-ওঝাদের আক্রমণের লক্ষ্য নিউজিল্যান্ডের

আক্রমণাত্মক ব্যাটিংই ভারতীয় স্পিনারদের বিপক্ষে লড়াইয়ের সবচেয়ে ভালো উপায় বলে মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। শুক্রবার থেকে ব্যাঙ্গালোরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে অতিথিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 06:14 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণাত্মক ব্যাটিংই ভারতীয় স্পিনারদের বিপক্ষে লড়াইয়ের সবচেয়ে ভালো উপায় বলে মনে করেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। শুক্রবার থেকে ব্যাঙ্গালোরে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামবে অতিথিরা। হায়দরাবাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে মাত্র ১৫৯ ও ১৬৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ১১৫ রানের বিশাল হারের লজ্জায় পড়েছে নিউজিল্যান্ড। ২০টির মধ্যে ১৮টি উইকেটই তুলে নিয়ে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝা ঘূর্ণি বলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। হায়দরাবাদ থেকে শিক্ষা নিয়ে ব্যাঙ্গালোরে ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ টেলর। তিনি বলেন, “টেস্টে ইনিংস ব্যবধানে হেরে যাওয়ার পর একটি দলের জন্য কোনো কিছুই সহজ থাকে না। তবে আমাদের যত দ্রুত সম্ভব ঐ হার ভুলে যেতে হবে। আর সবাই মিলে আলোচনা করে অশ্বিন ও ওঝাকে মোকাবিলা করার উপায় খুঁজে বের করতে হবে।” “আমাদের সাহসী হয়ে আক্রমণাত্মক হতে হবে। আশা করি এর ফলে তারাই উল্টো চাপে পড়ে যাবে। আমরা তাদের আক্রমণ করার সময় আশা করি ব্যাটের চারপাশে খুব বেশি ফিল্ডার থাকবে না,” যোগ করেন নিউজিল্যান্ডের অধিনায়ক। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হেরে গেলেও প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন না আসারই ইঙ্গিত দিয়েছেন টেলর। ভীষণ চাপের মধ্যে থাকা অতিথিদের ঠিক বিপরীত অবস্থা স্বাগতিক দলের। বৃষ্টির চোখরাঙানি উপেক্ষা করে এক দিন হাতে রেখেই প্রথম টেস্ট জিতে তারা এখন ফুরফুরে মেজাজে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তবু সতীর্থদের আতপ্রসাদে না ভোগার পরামর্শ দিচ্ছেন জোরের সঙ্গে। তিনি বলেন, “আমাদের কিছুতেই অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া চলবে না। প্রথম টেস্টে যা করেছি তার পুনরাবৃত্তি করতে হবে।” এই সিরিজ শুরু হওয়ার ঠিক আগে অভিজ্ঞ ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের হঠাৎ অবসর দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো ভারতকে। কিন্তু অনেক দিন পর দলে ফিরে দুর্দান্ত শতক করে ধোনির দলের দুর্ভাবনা অনেকটাই দূর করে দিয়েছেন চেতেশ্বর পূজারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০১১ঘ.