২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলন ম্যাচে হারলো ‘জাতীয় দল’

ম্যাচ কন্ডিশনে খেলোয়াড়দের পরখ করে নিচ্ছেন জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাস। মঙ্গলবারের অনুশীলনে তাঁকে হতাশই করেছে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ লাল দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2012, 12:49 PM

Updated : 24 Aug 2022, 12:00 PM

ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ কন্ডিশনে খেলোয়াড়দের পরখ করে নিচ্ছেন জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাস। মঙ্গলবারের অনুশীলনে তাঁকে হতাশই করেছে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ লাল দল। বাংলাদেশ ‘এ’ ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির খেলোয়াড়দের নিয়ে গড়া বাংলাদেশ সবুজ দলের কাছে ৫ উইকেটে হেরেছে ‘জাতীয় দল’। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলার কারণে দেশেই নেই জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন। অসুস্থতার কারণে খেলেননি মাশরাফি বিন মুর্তজাও। অ্যাকাডেমির ছোট মাঠে খেলা এই অনুশীলন ম্যাচকে তাই ‘প্রাকটিস ম্যাচ’ এর গুরুত্ব দিতে নারাজ পাইবাস। তিনি একে দেখছেন ‘মিডল প্র্যাকটিস’ হিসেবে। টস জিতে ব্যাট করতে নেমে ১৪ ওভার ১ বলে ১০১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ লাল দল। সর্বোচ্চ ৩৪ রান আসে জুনায়েদ সিদ্দিকের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান ইলিয়াস সানির। এছাড়া জিয়াউর রহমান ১৪ ও সাকিব আল হাসান ১১ রান করেন। বাংলাদেশ সবুজ দলের পক্ষে ডলার মাহমুদ (৩/৯) ও শাহাদাৎ হোসেন (৩/৩৬) তিনটি করে উইকেট নেন। জবাবে ১৩ ওভার ৫ বলে ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ সবুজ। সর্বোচ্চ ৫০ রান আসে অধিনায়ক রকিবুল হাসানের ব্যাট থেকে। ২১ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান লিমন। ১২ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশ লাল দলের সেরা বোলার শফিউল ইসলাম। এছাড়া আবদুর রাজ্জাক ও সাকিব একটি করে উইকেট নেন। ম্যাচ শেষে জহুরুল ইসলাম বলেন, “আজকে আমাদের ব্যাটিং খুব একটা ভালো হয় নি। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছিলাম, সেগুলো কাজে লাগেনি। আশা করি পরের ম্যাচে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারবো।” শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিনিদাদ ও টোবাগোয় কয়েকটি ম্যাচ খেলবে জাতীয় দল। সেখানকার উইকেট স্পিনারদের জন্য বেশ সহায়ক হবে বলে মনে করেন জহুরুল। “সাকলায়েন মুশতাকের কাছ থেকে আমাদের স্পিনাররা নতুন অনেক কিছুই শিখছেন। সেগুলো কাজে লাগাতে হলে তাদের আরও সময় দিতে হবে,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৮৪৩ ঘ.