ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) সোমবার গ্র“প পর্বের শেষ খেলায় উভা নেক্সটকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওয়াইম্বা ইউনাইটেডকে এড়িয়েছে নাগেনাহিরা নাগাস। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ওয়াইম্বার বিপক্ষে খেলবে উভা। বুধবারের দ্বিতীয় সেমিফাইনালে নাগেনাহিরার প্রতিপক্ষ কান্দুরাতা ওয়ারিয়র্স।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬০ রান করে উভা নেক্সট। জবাবে ১৯ ওভার ১ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় নাগেনাহিরা।
লক্ষ্য তাড়া করতে নেমে ইমরান নাজিরের (২৫ বলে ৪৪) আক্রমণাত্মক ব্যাটিং নাগেনাহিরাকে উড়ন্ত সূচনা এনে দেয়। দলীয় ৬৩ রানে ইমরানের বিদায়ের পর তৃতীয় উইকেটে ট্র্যাভিস বার্টের (৩৭) সঙ্গে ৪৬, চতুর্থ উইকেটে কলিন ডি গ্রান্ডহোমের (১০) সঙ্গে ২২ ও পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো পেরেরার (১৪*) ৩২ রানের তিনটি কার্যকর জুটি গড়ে দলকে জয় এনে দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (৪৩*)।
৩৭ রানে ২ উইকেট নিয়ে চরিত জায়াপাথি উভার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ১৩ রানে উপুল থারাঙ্গাকে হারানো উভাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন দিলশান মুনাবীরা ও অধিনায়ক থিলিনা কান্দাম্বে। দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন তারা।
দলীয় ৯৩ রানে কান্দাম্বের (৩৩) রান আউট দিয়ে ভাঙ্গে নাগেনাহিরার জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি। এরপর বেশিক্ষণ টেকেন নি মুনাবীরাও (৪৫)। ৬ রান পরেই কনিস্ক আলভিতিগালার বলে অজন্তা মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি।
দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর শিবনারায়ণ চন্দরপলের ২৩ ও জ্যাকব ওরামের ১৫ রানের সুবাদে দেড়শ পেরোয় উভা।
উভার তিন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন রান আউট হয়ে। নাগেনাহিরার পক্ষে সামিন্দা এরাঙ্গা ও আলভিতিগালা দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১০১ ঘ.
bdnews24