২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুসময় ফেরানোর লক্ষ্য নিয়ে মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া

দু দলেরই সময়টা ভালো যাচ্ছে না। দুঃসময় কাটিয়ে ওঠার লক্ষ্যে মঙ্গলবার শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2012, 05:54 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু দলেরই সময়টা ভালো যাচ্ছে না। দুঃসময় কাটিয়ে ওঠার লক্ষ্যে মঙ্গলবার শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। গত ফেব্র“য়ারিতে ইংল্যান্ডের কাছে ৪-০ এবং জুনে শ্রীলঙ্কার কাছে ৩-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে ৬ নম্বরে নেমে গেছে পাকিস্তান। ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অবস্থাও করুণ। গত মাসে ইংল্যান্ডের কাছে ৪-০তে বিধ্বস্ত হয়ে র‌্যাংকিংয়ে এক থেকে চার নম্বরে নেমে গেছে মাইকেল ক্লার্কের দল। ২০০২ সালের পর অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারাতে পারেনি পাকিস্তান। তবে অতীত নিয়ে মাথা ঘামাতে রাজি নন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সহ-অধিনায়ক বলেন, “আমরা সব সময় প্রতিটি সিরিজে ভালো খেলায় বিশ্বাসী। ইতিহাসটা (২০০২ সালের পর অস্ট্রেলিয়াকে হারাতে না পারা) আমাদের মনে আছে ঠিকই, কিন্তু এটাকে আমরা একদমই পাত্তা দিচ্ছি না। ভালো করার লক্ষ্য নিয়েই আমরা শুরু করতে চাই।” পাকিস্তানের প্রধান ভরসা সাঈদ আজমল, শহীদ আফ্রিদি ও হাফিজকে নিয়ে গড়া দুর্দান্ত স্পিন-আক্রমণ। সংযুক্ত আরব আমিরাতে তাদের অতীত পারফরম্যান্সও ভালো। বিশেষ করে আজমল ও আফ্রিদিকে নিয়ে দারুণ আশাবাদী হাফিজ। অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কেরও ধারণা, স্পিনাররাই পার্থক্য গড়ে দিতে পারেন এই সিরিজে। তিনি বলেন, “দু দলই ওয়ানডেতে জয়ের ধারায় ফিরতে উদগ্রীব। মাঠে নেমে ধারাবাহিকভাবে ভালো খেলা এবং নিজের সেরাটা উজাড় করে দেয়াই সবচেয়ে বড় কথা। আমাদের দলগত লক্ষ্য, ঘরের মতো বিদেশেও যতটা সম্ভব ভালো খেলা।” অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ, চোটের কারণে অলরাউন্ডার শেন ওয়াটসন এই সিরিজে খেলতে পারছেন না। অবসর নেয়ায় নেই অভিজ্ঞ পেসার ব্রেট লিও। এই দুজনের অনুপস্থিতির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম কঠিন পরীক্ষারই হুমকি দিচ্ছে ক্লার্কের দলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৫১ঘ.