ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভীষণ বিপদে নিউজিল্যান্ড। তৃতীয় দিনের প্রায় দুই-তৃতীয়াংশ সময় বৃষ্টিতে ভেসে গেলেও ম্যাচের লাগাম স্বাগতিকদের হাতেই। দ্বিতীয় ইনিংসে মার্টিন গাপটিলকে হারিয়ে ৪১ রান করা নিউজিল্যান্ডের ইনিংস হার এড়াতে এখনো প্রয়োজন ২৩৮ রান।
৫ উইকেটে ১০৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই রানের খাতা খুলার আগে ক্রুগার ভ্যান উইককে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভারতকে প্রথম সাফল্য এনে দেন উমেশ যাদব।
সপ্তম উইকেটে ডগ ব্রেসওয়েলের (১৭) সঙ্গে জেমস ফ্রাঙ্কলিনের ৩০ রানের জুটি ভেঙ্গে অতিথিদের বড় একটা ধাক্কা দেন প্রজ্ঞান ওঝা। এরপর ৯ রানে শেষ তিন উইকেট নিয়ে মধ্যাহ্ন-বিরতির আগেই নিউজিল্যান্ড ইনিংসের সমাপ্তি টানেন রবীচন্দ্রন অশ্বিন।
অলরাউন্ডার ফ্রাঙ্কলিন অপরাজিত থাকেন ৪৩ রানে।
৩১ রানে ৬ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। টেস্টে এনিয়ে তৃতীয়বার পাঁচ উইকেট নিলেন তিনি।
বৃষ্টির কারণে মধ্যাহ্ন-বিরতির পর এক ঘন্টার বেশি খেলা সম্ভব হয় নি। তারপরও দ্বিতীয় ইনিংসে গাপটিলের উইকেটটি হারিয়েছে অতিথিরা।
ব্রেন্ডন ম্যাককালাম ১৬ ও কেন উইলিয়ামসন ৩ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৩৮ (গম্ভীর ২২, শেবাগ ৪৭, পুজারা ১৫৯, টেন্ডুলকার ১৯, কোহলি ৫৮, রায়না ৩, ধোনি ৭৩, অশ্বিন ৩৭, জহির ০, ওঝা ৪*, যাদব ৪; প্যাটেল ৪/১০০, বোল্ট ৩/৯৩, মার্টিন ১/৭৬, ব্রেসওয়েল ১/৮৮)
নিউজিল্যান্ড: ১৫৯ ও ৪১/১ (গাপটিল ১৬, ম্যাককালাম ১৬* উইলিয়ামসন ৩*; ওঝা ১/১৩)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৭১৪ ঘ.
bdnews24