ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) শুক্রবারের একমাত্র খেলায় কান্দুরাতা ওয়ারিয়র্সের কাছে ২ রানে হেরেছে ওয়াইম্বা ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির এটিই প্রথম হার।
কান্দুরাতার বিপক্ষে নিয়মিত অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, তামিম ইকবাল ও ওমর আকমলকে বিশ্রাম দেয় ওয়াইম্বা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৯ রান করে কান্দুরাতা। জবাবে ৬ উইকেটে ১৪৭ রানেই থেমে যায় ওয়াইম্বার ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানে কামরান আকমলের বিদায়ে ওয়াইম্বার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হাফিজের (৩৪) সঙ্গে শিহান জয়াসুরিয়ার ৫০ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে।
দলীয় ৬৬ রানে হাফিজ সাজঘরের পথ ধরার পর জয়াসুরিয়া (২৮), দীনেশ চান্দিমাল (৯), কুশল্য বীরারতেœ (১০) ও কুশল জানিথ পেরেরার (৩) দ্রুত বিদায় নিলে আবারো চাপে পড়ে ওয়াইম্বা।
তারপরও অলরাউন্ডার আব্দুর রাজ্জাকের আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেলায় ছিল ওয়াইম্বা। জয়ের জন্য শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১৫ রান। সোহেল তানভীরের করা ঐ ওভারে ১৩ রানের বেশি সম্ভব হয়নি রাজ্জাকদের। ১৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন রাজ্জাক।
১৫ রানে ৩ উইকেট নিয়ে কুশল লুকুয়ারাচ্চি কান্দুরাতার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে ১৪ রানে দলের প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে কান্দুরাতার শুরুটা মোটেও ভালো হয় নি। চতুর্থ উইকেটে জীবন্থা কুলাতুঙ্গার (২৩) সঙ্গে ৫৯ ও ষষ্ঠ উইকেটে লুকুয়ারাচ্চির (১১) সঙ্গে ৫৩ রানের দুটি কার্যকর জুটি গড়ে শুরুর ধাক্কা সামলে কান্দুরাতাকে দেড়শ পর্যন্ত নিয়ে যান ক্রিস লিন।
দলীয় ১৩৮ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮০ রান করেন লিন। তার ৫১ বলের ইনিংসে ৩টি চার ও ৫টি ছক্কা।
ওয়াইম্বার পক্ষে মোহাম্মদ হাফিজ, আব্দুর রাজ্জাক ও ইসুরু উদানা দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৭ ঘ.
bdnews24