ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যাক ক্যালিসের কাছে হারানো টেস্ট অলরাউন্ডারের শীর্ষস্থান এক মাসের মধ্যে পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র্যাংকিং অনুযায়ী, টেস্টে শীর্ষ অলরাউন্ডারের স্থানটি এখন ৪০৪ পয়েন্টধারী বাংলাদেশি এই ক্রিকেটারের।
একদিনের আন্তর্জাতিক খেলায় সেরা অলরাউন্ডারের স্থানটিও সাকিবের। এই অবস্থানে অনেকদিন ধরেই রয়েছেন তিনি।
আইসিসির ওয়েবসাইটে মঙ্গলবার দেখা যায়, টেস্ট ক্রিকেটে সেরা অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। তার পয়েন্ট ৩৯০।
গত ২৫ জুলাই তিনি সাকিবের কাছ থেকে সেরা স্থানটি নিয়েছিলেন। তবে এবার অবনমনের কারণ সাকিবের কৃতিত্ব নয়, এই দক্ষিণ আফ্রিকানের ব্যর্থতা।
গত নভেম্বর থেকে টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে থাকা সাকিবও ওই স্থান হারিয়েছিলেন দীর্ঘ সময় টেস্ট খেলায় না থাকার কারণে।
টেস্ট অলরাউন্ডারের তালিকায় ৩৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি (৩২০) ও ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড (৩১৮)।
একদিনের খেলার র্যাংকিংয়ে ৪৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন সাকিব। দ্বিতীয় স্থানে থাকা শেন ওয়াটসনের সঙ্গে তার পয়েন্টের পার্থক্য ৩৫।
একদিনের খেলায় সেরাদের মধ্যে তৃতীয় ও চতুর্থ স্থানে দুই পাকিস্তানি মোহাম্মদ হাফিজ (৩৯৮) ও শহীদ আফ্রিদি (৩৪৩)। পঞ্চম স্থানটি ৩৩০ পয়েন্টধারী জ্যাক ক্যালিসের।
টেস্টে সেরা ব্যাটসম্যানের স্থানটি ধরে রেখেছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, তার পয়েন্ট ৮৯২। ৮৬৯ পয়েন্ট নিয়ে হাশিম আমলা দ্বিতীয় এবং ৮২৯ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল তৃতীয় স্থানে রয়েছে।
টেস্টে বোলিংয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলেন্ডার ও পাকিস্তানের সাঈদ আজমল।
টেস্টে দলগত অবস্থানে শীর্ষস্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। সোমবার ইংল্যান্ডকে হারিয়ে তাদের এই উত্তরণ। হেরে যাওয়া ইংল্যান্ড নেমে গেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এই তালিকায় বাংলাদেশের নিচে শুধু জিম্বাবুয়ে।
একদিনের খেলায় র্যাংকিংয়ে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, তা পয়েন্ট ৮৭১। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বিরাট কোহলি (৮৫৮) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৮৫৩)।
একদিনের খেলায় বোলিংয়ে শীর্ষস্থানটিতে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লোম্বাবো সোতসোবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দুই পাকিস্তানি মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমল।
একদিনের খেলায় দলগত অবস্থানে শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। এই তালিকায় বাংলাদেশ রয়েছে নবম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭২৫ ঘ.
bdnews24