ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাসের শতকের পরও নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান প্লে-অফ সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।
টাউন্সভিলের এন্ডেভার পার্কের দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৭ রান করে বাংলাদেশ। জবাবে ৪৮ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
ব্যাট করতে নেমে রানের খাতা খুলার আগেই সৌম্য সরকারের বিদায়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক আনামুল হকের (৫৬) সঙ্গে লিটনের ১১৩ রানের জুটি ধাক্কা সামাল দেয়।
দলীয় ১২২ রানে আনামুলকে শোজায়ার আলীর ক্যাচ বানিয়ে স্যাম উড ইংল্যান্ডের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি ভাঙ্গেন। তৃতীয় উইকেটে সালমান হোসেনের (২৬) সঙ্গে ৬৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে দলকে দুশর কাছাকাছি নিয়ে যান লিটন।
এক পর্যায়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৮৭/২। ৪৩ তম ওভারের চতুর্থ বলে সালমানের বিদায়ের পর শেষ ৪৪ বলে ৫ উইকেট হারিয়ে ৩০ রান যোগ করে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় আনামুলের দল।
৪৬ তম ওভারের শেষ বলে বিদায় নেয়ার আগে শতকে পৌঁছান লিটন (১০২)। তার ১৩৪ বলের ইনিংসে ৯টি চার ও ১টি ছক্কা।
৩২ রানে ৫ উইকেট নিয়ে রীস টোপলে ইংল্যান্ডের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে ৬ রানে ড্যানিয়েল বেল-ড্রুমন্ডকে হারালেও দ্বিতীয় উইকেটে স্যাম উড (৪৬) ও বেন ফোয়াকসের (৪৭) ৮৪ রানের জুটি ধাক্কা সামাল দেয়।
দলীয় ৯০ রানে ফোয়াকসের বিদায়ের পর ২০ ওভারে ৬৮ রান তুলকে আরো ৪ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে সাবেক চ্যাম্পিয়নরা। তারপরও সপ্তম উইকেটে অধিনায়ক অ্যাডাম বেলের (৩৪*) সঙ্গে অনীশ কপিলের (৩৩*) ৬০ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে১০ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড।
৬৬ রানে ২ উইকেট নিয়ে তাসকিন আহমেদ বাংলাদেশের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৩১ ঘ.
bdnews24