২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডস জিতে টেস্ট-শীর্ষে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ও শেষ টেস্ট ৫১ রানে জিতে স্বাগতিকদের সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম টেস্ট জেতা অতিথিরা সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে তৃতীয় ও শেষ টেস্ট ৫১ রানে জিতে স্বাগতিকদের সরিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে প্রথম টেস্ট জেতা অতিথিরা সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। গত বছর দেশের মাটিতে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষ উঠে আসে অ্যান্ড্রু স্ট্রাউসের দল। টেস্ট ক্রিকেটের বিজ্ঞাপন হতে পারে লর্ডস টেস্টের পঞ্চম দিনের উত্তেজনা ও নাটকীতায় ভরা শেষ সেশনটি। ঐ সেশনে ব্যাক্তিগত ৬৭ রানে মর্নে মরকেলের বলে বোল্ড হয়েও নো বলের কারণে বেঁচে যান ম্যাট প্রায়র। পরের ওভারে ইমরান তাহিরের বলে স্ট্যাম্পিং থেকে আবারো বেঁচে যান ‘বেনিফিট অব ডাউট’ পেয়ে। তবে দ্বিতীয় নতুন বল নেয়ার পরই শেষ হয়ে যায় স্বাগতিকদের প্রতিরোধ পর্ব। ডেল স্টেইনের করা প্রথম ওভার কাটিয়ে দিলেও দ্বিতীয় ওভারেই পরপর দুই বলে প্রায়র (৭৩) ও স্টিভেন ফিনকে (০) ফিরিয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে দারুণ জয় এনে দেন ভারনন ফিল্যান্ডার। এর আগে ২ উইকেটে ১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ইয়ান বেল (৪) ও জেমস টেলরের (৪) দ্রুত বিদায়ে স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। পঞ্চম উইকেটে জনি বেয়ারস্টোর (৫৪) সঙ্গে জোনাথন ট্রটের (৬৩) ৮৯ রানের জুটি ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করে। দলীয় ১৩৪ রানে বেয়ারস্টো ও ১৪৬ রানে ট্রটের বিদায়ের পর স্টুয়ার্ট ব্রড নামলে পাল্টা আক্রমণে যায় স্বাগতিকরা। সপ্তম উইকেটে ব্রডের (৪২ বলে ৩৭) সঙ্গে ৬২ ও অষ্টম উইকেটে গ্রায়াম সোয়ানের (৩৪ বলে ৪১) ৭৪ রানের দুটি দারুণ কার্যকর জুটি গড়েন প্রায়র। কিন্তু দলীয় ২৮২ রানে সোয়ানের রান আউটের পর আর বেশি দূর এগোয়নি ইংল্যান্ডের ইনিংস। ৩০ রানে ৫ উইকেট নিয়ে ফিল্যান্ডার দক্ষিণ আফ্রিকার সেরা বোলার। এ নিয়ে টেস্টে সাতবার পাঁচ উইকেটে নিলেন তিনি। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা: ৩০৯ ও ৩৫১ (পিটারসেন ২৪, স্মিথ ২৩, আমলা ১২১, ক্যালিস ৩১, স্টেইন ৯, ডি ভিলিয়ার্স ৪৩, রুডলফ ১১, ডুমিনি ২৬*, ফিল্যান্ডার ৩৫, মরকেল ৯, ইমরান ১; ফিন ৪/৭৪, অ্যান্ডারসন ২/৭৩, ব্রড ২/৮৫, সোয়ান ২/৯৪) ইংল্যান্ড: ৩১৫ ও ২৯৪ (স্ট্রাউস ১, কুক ৩, ট্রট ৬৩, বেল ৪, টেলর ৪, বেয়ারস্টো ৫৪, প্রায়র ৭৩, ব্রড ৩৭, সোয়ান ৪১, অ্যান্ডারসন ৪*, ফিন ০; ফিল্যান্ডার ৫/৩০, ক্যালিস ১/৫০, স্টেইন ১/৬১, ইমরান ১/৮৮) ম্যাচ সেরা: ভারনন ফিল্যান্ডার ফল: ২-০ ব্যবধানে সিরিজ দক্ষিণ আফ্রিকার সিরিজ সেরা: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), ম্যাট প্রায়র (ইংল্যান্ড) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২২০ ঘ.