ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে তৃতীয় ও শেষ টেস্ট জিততে সোমবার শেষ দিনে দক্ষিণ আফ্রিকার চাই ৮ উইকেট, আর ইংল্যান্ডের আরো ৩৩০ রান। ৩৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে ১৬ রানে ২ উইকেট হারিয়ে স্বাগতিকরা বেশ অস্বস্তিতেই। দুটো উইকেটই ডানহাতি পেসার ফিল্যান্ডারের।
এই ম্যাচ ড্র করতে পারলেই ইংল্যান্ডকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠে যাবে সিরিজে ১-০তে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা।
রোববার শেষ বিকেলে ব্যাট করতে নামা ইংল্যান্ডের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন ফিল্যান্ডার। ইনিংসের দ্বিতীয় ওভারে অ্যালিস্টার কুক (৩) ও চতুর্থ ওভারে অ্যান্ড্রু স্ট্রাউসকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি। প্রথম ইনিংসে ২০ রান করা স্ট্রাউস তার শততম টেস্টে ব্যাট হাতে চরম ব্যর্থ।
দিন শেষে জোনাথন ট্রট ৬ ও ইয়ান বেল ৪ রানে অপরাজিত।
এর আগে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকা হাশিম আমলার ষোড়শ শতকের সৌজন্যে অলআউট হওয়ার আগে ৩৫১ রান করে।
দিনের নবম ওভারে ‘নাইট ওয়াচম্যান’ ডেল স্টেইন (৯) বিদায় নেয়ার পর পঞ্চম উইকেটে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ৯৫ রানের দারুণ এক জুটি গড়েন আমলা। ১২১ রান করা আমলার ২০৫ বলের ইনিংসে ১০টি চার।
ডি ভিলিয়ার্স ৪৩ ও জ্যাক রুডলফ ১১ রান করে বিদায় নেয়ার পর অষ্টম উইকেটে ফিল্যান্ডারের (৩৫) সঙ্গে জেপি ডুমিনির (২৬*) ৫৪ রানের জুটি সাড়ে তিন শ পর্যন্ত নিয়ে যায় অতিথিদের।
৭৪ রানে ৪ উইকেট নেন স্টিভেন ফিন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩০৯ ও ৩৫১ (পিটারসেন ২৪, স্মিথ ২৩, আমলা ১২১, ক্যালিস ৩১, স্টেইন ৯, ডি ভিলিয়ার্স ৪৩, রুডলফ ১১, ডুমিনি ২৬*, ফিল্যান্ডার ৩৫, মরকেল ৯, ইমরান ১; ফিন ৪/৭৪, অ্যান্ডারসন ২/৭৩, ব্রড ২/৮৫, সোয়ান ২/৯৪)
ইংল্যান্ড: ৩১৫ ও ১৬/২ (স্ট্রাউস ১, কুক ৩, ট্রট ৬*, বেল ৪*; ফিল্যান্ডার ২/৪)
bdnews24