ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ডাক পেলেও শনিবার অভিমান নিয়েই ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনের ইতি টানলেন ভারতের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ভিভিএস লক্ষ্মণ।
নিজের শহর হায়দরাবাদে এক সংবাদ সম্মেলনে আবেগ কম্পিত কণ্ঠে অবসরের ঘোষণা দেন তিনি। আগামী বৃহস্পতিবার থেকে হায়দরাবাদেই শুরু হবে প্রথম টেস্ট।
৩৭ বছর বয়সী লক্ষ্মণ বলেন, “অভিষেকের পর ১৬ বছর কেটে গেছে। আমার মনে হচ্ছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।”
১৯৯৬ সালের নভেম্বরে আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ১৯৯৮ সালে কটকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় লক্ষ্মণের। ২০০৬ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি। আর গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টই হয়ে থাকলো তার জীবনের শেষ টেস্ট।
ভারতের বহু স্মরণীয় জয়ের নায়ক লক্ষ্মণ ১৩৪ টেস্টে ১৭টি শতকসহ ৪৫.৯৭ গড়ে ৮,৭৮১ রান করেন। ৮৬টি ওয়ানডেতে ৬টি শতকসহ ৩০.৭৬ গড়ে তার রান ২,৩৩৮।
গত বছর ইংল্যান্ড ও এ বছর অস্ট্রেলিয়া সফরে ৪-০ ব্যবধানে দুটি টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার দুঃখ বুকে নিয়ে মার্চে অবসর নিয়েছিলেন রাহুল দ্রাবিড়। ঐ দুটো সিরিজে সব মিলিয়ে ৩৩৭ রান করা লক্ষ্মণও বিদায় নিলেন এবার।
অবসরের সিদ্ধান্ত নেয়ার জন্য যে নিজের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, লক্ষ্মণ বলেছেন সে কথাও। তিনি বলেন, “এটা ছিল আমার জন্য ভীষণ কঠিন এক সিদ্ধান্ত। অবশেষে গত রাতে আমি সিদ্ধান্ত নিতে পেরেছি।”
“আমি সব সময় বিবেকের কথা শুনে এসেছি। ক্রিকেটকে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়ার সেটাও একটা কারণ। কারণ আমি ডাক্তারও হতে চেয়েছিলাম,” যোগ করেন লক্ষ্মণ।
তিনি আরো বলেন, “১৭ বছর বয়সে আমার অভ্যন্তরের কণ্ঠ বলেছিলো আমি ক্রিকেটার হতে চাই। নিঃসন্দেহে যা ছিল ক্যারিয়ারের ভীষণ কঠিন পথ। তবে আমি অভ্যন্তরের কণ্ঠ শুনেছি, যাকে আমি মনে করি ঐশ্বরিক কণ্ঠ।”
লক্ষ্মণ বলেন, “ব্যক্তিগত উচ্চাকাক্সক্ষার চেয়ে আমি সব সময় দেশের সাফল্য ও প্রয়োজনকে ওপরে রেখেছি। আগামী মৌসুমের শেষ দিকে, বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের সাফল্যে অবদান রাখতে পারলে খুব খুশি হতাম।”
“কিন্তু আমার মনে হচ্ছে আগামী বছর বিদেশের মাটিতে কঠিন সিরিজের আগে ঘরোয়া পরিবেশে তরুণদের খেলার সুযোগ করে দেয়ার এটাই সবচেয়ে সঠিক সময়,” যোগ করেন তিনি।
২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে ২৮১ রানের এক অসাধারণ ইনিংসের কারণে ভারতের ক্রিকেট-ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন লক্ষ্মণ। ঐ ইনিংসের কারণেই ফলোঅনে পড়েও ম্যাচটা জিতেছিলো ভারত। স্টিভ ওয়াহর ‘অপরাজেয়’ অস্ট্রেলিয়া টানা ১৬টি জয়ের পর হার মেনেছিলো ঐ ম্যাচেই।
কিন্তু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যর্থতার পর থেকেই লক্ষ্মণের সমালোচনায় মুখর হয়ে পড়েন সুনীল গাভাস্কার, কপিল দেব, সঞ্জয় মাঞ্জরেকারের মতো সাবেক তারকারা।
অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান এন. শ্রীনিবাসন লক্ষ্মণের প্রশংসায় পঞ্চমুখ। এক বিবৃতিতে তিনি বলেন, “ব্যাটিং দেখে যে মনে হয় সহজ কাজ, তা লক্ষ্মণের মতো খুব কম ব্যাটসম্যানই করে দেখাতে পেরেছেন। তিনি ছিলেন এক ব্যতিক্রমী ক্রিকেটার। চাপের মধ্যেই তার সেরাটা বের হয়ে আসতো।”
“তার সময়ে বিশ্বের সেরা দল অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সই লক্ষ্মণের হয়ে কথা বলবে,” যোগ করেন বিসিসিআই প্রধান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/এএআর/২২২৬ঘ.
bdnews24