ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এসএলপিএল) একমাত্র ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে উথুরা রুদ্রসকে ৩২ রানে হারিয়েছে কুন্দুরাতা ওয়ারিয়র্স।
পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৮ রান করে কুন্দুরাতা। জবাব দিতে নেমে ১৬ ওভারে ৭ উইকেটে ১০৫ রান করে উথুরা। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলা শুরু না হলে প্রথম জয় পায় কুন্দুরাতা।
লক্ষ্য তাড়া করতে নেমে উথুরার কেউ বিশের কোঠায় পৌঁছাতে পারে নি। রোশেন সিলভা ১৯ ও ফারভিজ মাহরুফ ১৪ রান করেন। এছাড়া ডিলান দু পেরেজ অপরাজিত থাকেন ১৯ রানে।
৩২ রানে ৪ উইকেট নিয়ে সোহেল তানভীর কুন্দুরাতার সেরা বোলার।
এর আগে ব্যাট করতে নেমে থিলান সামারাবীরার ৭১ ও জীবন্থা কুলাতুঙ্গার ৩১ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে কুন্দুরাতা। সামারাবীরার ৪৫ বলের ইনিংসে ৯টি চার ও একটি ছক্কা।
৩৬ রানে ৩ উইকেট নিয়ে মাহরুফ উথুরার সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৩৬ ঘ.
bdnews24