ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্যামাইকার গতি-সম্রাট উসাইন বোল্টের অনুশীলন সঙ্গী, লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ¯িপ্রন্টে রুপা জয়ী ইয়োহান ব্লেককেও দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগব্যাশ লিগে।
মেলবোর্ন স্টারস বোল্টকে দলে নিতে চাইছে। আর ব্লে¬কের ব্যাপারে আগ্রহী সিডনি সিক্সারস।
অলিম্পিক চলার সময় ভারতীয় সাংবাদিকদের কাছে ব্লেক দাবি করেন, তিনি ভারতের বাঁহাতি পেসার জহির খানের চেয়েও জোরে বল করতে সক্ষম! আইপিএলে খেলার আগ্রহও প্রকাশ করেন তিনি।
সিডনি সিক্সারসের প্রধান নির্বাহী স্টুয়ার্ট ক্লার্ক জানিয়েছেন, ক্রিকেট মাঠে দুই ঘনিষ্ঠ বন্ধুর দ্বৈরথ দেখতে তারা ভীষণ আগ্রহী।
‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকাকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার বলেন, “তার দাবি অবিশ্বাস করার কোনো কারণ নেই। তবে সবার আগে তার বোলিংয়ের কিছু ফুটেজ দেখতে হবে। তিনি বলেছেন ৯০ মাইল গতিতে বল করতে পারেন। বিশ্বের খুব কম বোলারই এটা করতে পারে।”
আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগব্যাশ লিগ শেষ হবে ১৯ জানুয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৫ঘ.
bdnews24