ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই সপ্তাহের সফরে বুধবার আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। নিজেদের পরিচিত পরিবেশে আয়ারল্যান্ডকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মনে করলেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন।
এই সফরে আয়ারল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে দুটি করে ওয়ানডে এবং পাকিস্তানের সঙ্গে দুটি এবং আয়ারল্যান্ডের সঙ্গে একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
দেশ ছাড়ার আগে সালমা বলেন, “ম্যাচগুলো হবে আয়ারল্যান্ডের পরিবেশে, যা আমাদের অপরিচিত। নিজেদের মাঠ ও চেনা পরিবেশে ওরা আমাদের চেয়ে বেশি সুবিধা তো পাবেই।”
“আর পাকিস্তান এমনিতেই শক্তিশালী দল। যে কোনো কন্ডিশনে ভালো খেলার সামর্থ্য তাদের আছে,” যোগ করেন তিনি।
মহিলা দলের অন্যতম সেরা খেলোয়াড় আরো বলেন, “উপমহাদেশের বাইরে এটাই আমাদের প্রথম সফর। ইউরোপের কন্ডিশনে কিভাবে খেলতে হয় এবার আমরা তা জানতে পারবো। ভবিষ্যতে এই সফরের অভিজ্ঞতা কাজে লাগবে।”
“আমরা এখন আগের চেয়ে শক্তিশালী ও গোছানো দল। স্পিন আক্রমণ বেশ শক্তিশালী। আশা করি আয়ারল্যান্ডের কন্ডিশনে পেসাররাও ভালো করবে,” যোগ করেন সালমা।
মহিলা দলের সাবেক কোচ ও বর্তমান উপদেষ্টা মমতা মাবেনও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “বাংলাদেশ বেশ উন্নতি করেছে। আশা করি আয়ারল্যান্ড সফরে ভালো করবে।”
দেশ ছাড়ার আগে আয়ারল্যান্ডের কন্ডিশন সম্পর্কে ধারণা পেতে প্রধান নির্বাচক আকরাম খানের সঙ্গে কথা বলেছেন মমতা। গত মাসেই মুশফিকুর রহিমের দলের সঙ্গে ইউরোপ সফরে গিয়েছিলেন আকরাম।
মমতা জানান, “প্রধান নির্বাচক আকরাম খান আমাকে বলেছেন, স্পিন এবং পেস আক্রমণ দুটোকেই কাজে লাগাতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।”
গত নভেম্বরে দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের সময় ওয়ানডে মর্যাদা পাওয়া বাংলাদেশ ঐ টুর্নামেন্টেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি খেলেছে।
এই সফরে পাকিস্তানের বিপক্ষে ২০ ও ২৩ অগাস্ট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ ও ২৪ অগাস্ট ওয়ানডে চারটি খেলবে বাংলাদেশ। ২৭ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি এবং ২৯ অগাস্ট একই দিনে আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে সালমা খাতুনের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩০৫ঘ.
bdnews24