ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেভিন পিটারসেন বিতর্ক মাথায় নিয়ে বৃহস্পতিবার লর্ডসে শুরু হচ্ছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠার হাতছানি। অন্যদিকে স্বাগতিক ইংল্যান্ড নামবে শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে এক ইনিংস ও ১২ রানের বিশাল ব্যাবধানে জেতে দক্ষিণ আফ্রিকা। হেডিংলিতে দ্বিতীয় টেস্ট ড্র হয়। লর্ডস টেস্টে না হারলেই দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডকে সরিয়ে উঠে যাবে র্যাংকিংয়ের শীর্ষে।
এ বছর ১০টি টেস্ট খেলা ইংল্যান্ড ৫টিতেই হেরেছে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা এই সময়ে খেলা ৬ টেস্টের কোনটিতেই হারেনি। জিতেছে ৩টি, ড্র করেছে ৩টি। র্যাংকিংয়ে বর্তমানে তাদের অবস্থান তৃতীয়।
দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কার্স্টেন বলেন, “প্রতিটি দলই উচ্চাভিলাষী এবং নিজেদের বিশ্বের একনম্বর দল হিসাবে দেখতে পছন্দ করে।”
হেডিংলিতে দ্বিতীয় টেস্টে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া পিটারসেনকে দলে রাখেনি ইসিবি। বিতর্কিত টেক্সট ম্যাসেজটি তার নয়, নিশ্চিত করতে বলা হলেও তিনি তা না করায় এই সিদ্ধান্ত নেয় ইসিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/২০১৭ ঘ.
bdnews24