২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দল হিসেবে সুপার এইটে অস্ট্রেলিয়া

আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইটে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়াও মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ২০৯ রানের বড় ব্যবধানে নামিবিয়াকে, ভারত ৬৩ রানে জিম্বাবুয়েকে এবং নিউজিল্যান্ড ৮ রানে আফগানিস্তানকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে সুপার এইটে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এছাড়াও মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ২০৯ রানের বড় ব্যবধানে নামিবিয়াকে, ভারত ৬৩ রানে জিম্বাবুয়েকে এবং নিউজিল্যান্ড ৮ রানে আফগানিস্তানকে হারিয়েছে। অস্ট্রেলিয়া-আয়ারল্যান্ড টাউন্সভিলের এনডেয়াভোউর পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৫ বলে ১২৯ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন রায়ান হান্টার। এছাড়া টিরোন ক্যান ২১ রান করেন। মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নেয়া অ্যালেক্স গ্রেগোরি অস্ট্রেলিয়ার সবচেয়ে সফল বোলার। এছাড়া ২৪ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন শেন ক্যাসেল। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪০ ওভার ৩ বলে ৪ উইকেটে ১৩৩ রান করে অস্ট্রেলিয়া। দলের সহজ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক উইলিয়াম বোসিস্টো। ৩৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া স্যাম হ্যাইন ২৬* ও ট্রাভিস হেড ২৫ রান করেন। গ্রুপ পর্বের ৩টি খেলার সবগুলোতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সুপার এইটে খেলবে অস্ট্রেলিয়া। নিজেদের দুই খেলায় এখনো জয়ের মুখ দেখেনি আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা-নামিবিয়া ব্রিসবেনের পিটার বার্গ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের শতকের সুবাদে ৬ উইকেটে ৩৫৯ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। কুইনটন ডি কক ১৩টি চার ও ৩টি ছয়ে ১০৬ বলে ১২৬ ও অধিনায়ক চ্যাড বোউইস ১১টি চারের সাহায্যে ১১৫ বলে ১১৫ রান করেন। বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৫০ রানে গুটিয়ে যায় নামিবিয়া। খেলেছে ৪৬ ওভার। ২০ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার টেউনিস ডি ব্রুইন। টানা দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়ার এটা টানা দ্বিতীয় হার। ভারত-জিম্বাবুয়ে টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ১৩৯ রান তুলে ভারতকে শক্ত ভীত এনে দেন প্রশান্ত চোপড়া (৫৭) ও অধিনায়ক উন্মুক্ত চাঁদ (৭৮)। এরপর হনুমান বিহারীর ৩১, বাবা অপরাজিতের ২৪ ও কামাল প্যাসির ২৪* রানের সুবাদে ৬ উইকেটে ২৬১ রান করে ভারত। ২২ রানে ৩ উইকেট নেয়া ক্যাম্পবেল লাইট জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার। জবাবে মাত্র ৩০ রানে প্রথম চারটি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ম্যালকলম লাক। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে চমৎকার ব্যাটিং নৈপুণ্যে দলকে একাই টেনে নিতে থাকেন তিনি। তবে অন্য প্রান্ত থেকে একদমই সহায়তা পাননি। ১০টি চার ও ৫টি বিশাল ছক্কায় সাজানো ১০৭ বলে ১১৮ রানের ইনিংস খেলে দশম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। ৪৪ ওভার ১ বলে ১৯৮ রানে থেমে যায় জিম্বাবুয়ে। মাত্র ২৩ রানে ৬ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কামাল প্যাসি। ২ ম্যাচে এটা ভারতের প্রথম জয় এবং জিম্বাবুয়ের প্রথম হার। নিউজিল্যান্ড-আফগানিস্তান বুডেরিমের কেভ হ্যাকনি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালো না হলেও চতুর্থ উইকেটে রবার্ট ও’ডননেল (৬৯) ও হেনরি ওয়ালশের ১০৮ রানের জুটি দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেয়। তবে এরপর আবারো হুড়মুড় করে ভেঙ্গে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৯৮ রান করে তারা। ৪টি করে উইকেট শিকার করেন সায়েদ শিরজাদ ও ইয়ামিন আহমাদজানি। আফগানিস্তানের শুরুটাও ভালো হয়নি। কিন্তু ষষ্ঠ উইকেটে ৬২, সপ্তম উইকেটে ৫১ ও অষ্টম উইকেটে ৩৯ রানে চমৎকার তিনটি জুটি তাদের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলো। কিন্তু শেষ পর্যন্ত বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হওয়ায় ৯ উইকেটে ১৯০ রানে থেমে যেতে হয় তাদের। দলীয় সর্বোচ্চ ৬৯ রান করেন নাজিবুল্লাহ জাদরান। ৪২ রান করেন উইকেটরক্ষক আফসার খান। নিউজিল্যান্ডের পক্ষে ৪টি করে উইকেট নেন ম্যাথু কুইন ও জ্যাকব ডুফি। নিউজিল্যান্ডের এটি টানা দ্বিতীয় জয় এবং আফগানিস্তানের টানা দ্বিতীয় হার। দুদলেরই একটি করে খেলা বাকি আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬৫৬ ঘ.