ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার থেকে শুরু হতে যাওয়া নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক আনামুল হক এবং তার দলের লক্ষ্য সুপার এইটে খেলা। উদ্বোধনী দিনে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ‘ডি’ গ্র“পে বাংলাদেশের অন্য দুই সঙ্গী দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া।
প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আনামুল। তিনি বলেন, “আমরা যত দ্রুত সম্ভব পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে চাই। আমাদের দলের অনেকেই দেশের বাইরে খেলতে যাওয়ার তেমন সুযোগ পায়নি। তাই শুধু ক্রিকেটে মনোনিবেশ করার দিকেই জোর দিচ্ছি আমি।”
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলো বাংলাদেশ সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। তবে আনামুলের দৃঢ় বিশ্বাস, আসল লড়াইয়ে নিজেদের উজাড় করে দিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে তার দল।
তিনি বলেন, “আমাদের খেলায় ধারাবাহিকতার অভাব আছে। এককভাবে কেউ-কেউ হয়তো দলের পক্ষে অবদান রাখে। তবে দলগতভাবে ধারাবাহিকভাবে তা করতে পারে না।”
“প্রত্যেকেরই ব্যক্তিগত লক্ষ্য থাকে। তবে আমাদের দলের সবার একটাই লক্ষ্য- সুপার এইটে খেলা,” যোগ করেন বাংলাদেশের অধিনায়ক।
প্রত্যেক গ্র“পের সেরা দুই দল খেলবে সুপার এইটে। সেরা আট দলের মধ্যে থাকতে হলে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকার মধ্যে অন্তত একটি দলকে হারাতেই হবে বাংলাদেশকে।
রোববার দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে আনামুলের দল।
শনিবার উদ্বোধনী দিনে বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, রানার্সআপ পাকিস্তান-আফগানিস্তান এবং জিম্বাবুয়ে-পাপুয়া নিউগিনি।
১৯৮৮ সাল থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি বাংলাদেশের অষ্টম অংশগ্রহণ। এর আগে বাংলাদেশ তিন বার প্লেট পর্বের শিরোপা জিতেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০২ঘ.
bdnews24