ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেড় বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমেই শতকের আনন্দে বিভোর ক্রিস গেইল। তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে শতক করেছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান কাইরন পাওয়েলও। দুই বাঁহাতির সৌজন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৪২ রান করা ক্যারিবীয়রা ৯১ রানে এগিয়ে।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে স্বাগতিকরা বিনা উইকেটে ১৪৫ নিয়ে তৃতীয় দিন শুরু করার সময় গেইল অপরাজিত ছিলেন ৮৫ রানে। চতুর্দশ টেস্ট শতকে পৌঁছাতে একদমই সময় নষ্ট করেননি এই সময়ের অন্যতম আক্রমণাত্মক ব্যাটসম্যান।
তিন অংকের ঘরে পৌঁছানোর ধরনটাও ছিল দারুণ রাজসিক। ক্রিস মার্টিনকে মিডউইকেট দিয়ে ছক্কা মেরে শতকের আনন্দে ভেসে যান গেইল।
শেষ পর্যন্ত থামেন ১৫০ রান করে, কেন উইলিয়ামসনকে তুলে মারতে গিয়ে লং অফে ব্রেন্ডন ম্যাককালামের হাতে ধরা পড়ে। ২০৬ বল স্থায়ী গেইলের দুর্দান্ত ইনিংসে ১৭টি চার ও চারটি ছক্কা। গেইলের বিদায়েই ভেঙ্গে যায় ২৫৪ রানের উদ্বোধনী জুটি।
পাওয়েলও কম যাননি। দশম টেস্টে প্রথম শতকের দেখা পাওয়া পাওয়েলের ব্যাট থেকে আসে ২২টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ ১৩৪ রান।
তবে ওয়েস্ট ইন্ডিজকে হতাশ করেন তাদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথম বলেই উইকেটরক্ষক ক্রুগার ভ্যান উইকের গ্লাভসবন্দী হয়ে মাথা নিচু করে ফিরতে হয় শিবনারায়ণ চন্দরপলকে। তার ‘ঘাতক’ ক্রিস মার্টিন।
অবশ্য আসাদ ফুদাদিন (৫৫) আর নরসিং দিওনারায়ণের (অপরাজিত ৫৪) অর্ধশতক ক্যারিবীয়দের দুশ্চিন্তায় পড়তে দেয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৩৫১ (ফ্লিন ৪৫, গাপটিল ৯৭, ম্যাককালাম ২৫, টেলর ৪৫, ওয়াগনার ৪, উইলিয়ামসন ১৯, ব্রাউনলি ২৩, ভ্যান উইক ১১, ভেট্টরি ১৭, ব্রেসওয়েল ৩৯, মার্টিন ৪*; নারায়ণ ৫/১৩২, রামপল ২/৪৪, রোচ ২/৫৫)
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৪৪২/৬ (গেইল ১৫০, পাওয়েল ১৩৪, ফুদাদিন ৫৫, স্যামুয়েলস ২৮, চন্দরপল ০, দিওনারায়ণ ৫৪*, রামদিন ৩, স্যামি ৮*; উইলিয়ামসন ২/৪৭, মার্টিন ২/১০৯)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০৪২৮ঘ.
bdnews24