ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে অতি সহজে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। সুবাদে ৫ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
শনিবার কলম্বোয় হবে তৃতীয় ওয়ানডে।
হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ৩ বলে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাবে ১৯ ওভার ৫ বলে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
ভারতের শুরুটা কিন্তু ভালোই হয়েছিলো। ৩১ রানের জুটি গড়া গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ বিশ্ব চ্যাম্পিয়নদের বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন। কিন্তু তারপরই ছন্দপতন! চতুর্থ ওভারের শেষ বলে থিসারা পেরেরাকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে আসেন শেবাগ (১৫)।
এরপর মিডল অর্ডারের তিন স্তম্ভ বিরাট কোহলি (১), রোহিত শর্মা (০) ও সুরেশ রায়না (১) বেশিক্ষণ টিকতে পারেননি। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (১১) আর ইরফান পাঠানও (৬) হতাশ করেন দলকে।
৭৯ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা ধোনির দলের হাল ধরার চেষ্টা করেছিলেন গম্ভীর ও রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তাতে তেমন লাভ হয়নি।
অশ্বিনের (২১) রান আউটে ২৮ রানের জুটি ভেঙ্গে যাওয়ার পর একাই লড়াই চালিয়ে যান গম্ভীর। শেষ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৬৫ রান করেন তিনি।
তিনটি করে উইকেট নেন পেরেরা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে শেবাগ, কোহলি ও রায়নাকে ফিরিয়ে প্রতিপক্ষের ব্যাটিং-মেরুদন্ড ভেঙ্গে দেয়ার পুরস্কার হিসেবে ম্যাচ-সেরা পেরেরা।
জবাবে তিলকরতেœ দিলশানের সঙ্গে উপুল থারাঙ্গার ১১৯ রানের উদ্বোধনী জুটি সহজ জয় এনে দেয় শ্রীলঙ্কাকে। অশ্বিনের বলে ধোনিকে ক্যাচ দেয়ার আগে ৫০ রান করেন দিলশান। ৪৯ বলের ইনিংসে ৪টি চার।
ম্যাচ শেষে ৫৯ রানে অপরাজিত ছিলেন থারাঙ্গা। তখন তার সঙ্গী দীনেশ চান্দিমাল (৬*)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫৮ঘ.
bdnews24