ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে ফিরেছেন আগেই। এবার টেস্ট দলেও ফিরলেন ক্রিস গেইল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে গেইলের নামও আছে।
অ্যান্টিগায় বুধবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে কিংস্টনে, ২ অগাস্ট থেকে।
গেইল সর্বশেষ টেস্ট খেলেছিলেন দেড় বছরেরও বেশি আগে, ২০১০ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে।
ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল এবং পেসার কেমার রোচও। চোটের কারণে দুজনের কেউই গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবীয়দের সর্বশেষ টেস্টে খেলতে পারেননি।
তবে সুযোগ পাননি গত বছর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ড্যারেন ব্রাভো। ইংল্যান্ড সফরে কুঁচকির চোটে পড়া এই বাহাঁতি ব্যাটসম্যান এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। ইদানিং ব্যাট হাতেও জ্বলে উঠতে পারেননি। সর্বশেষ ৫ টেস্টে একটিও অর্ধশতক নেই তার।
বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলা পেসার ফিদেল এডওয়ার্ডসও।
প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ক্রিস গেইল, অ্যাড্রিয়ান বারাথ, কাইরন পাওয়েল, আসাদ ফুডাডিন, শিবনারায়ণ চন্দরপল, মারলন স্যামুয়েলস, নরসিং দিওনারায়ণ, দীনেশ রামদিন, টিনো বেস্ট, কেমার রোচ, রবি রামপল ও সুনীল নারায়ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫০ঘ.
bdnews24