ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে রাখা হয়েছে উইকেট রক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলকে।
সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরের আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়া মোহাম্মদ হাফিজের কাঁধেই থাকছে অধিনায়কত্ব।
গত বছর ইংল্যান্ডে স্পট ফিক্সিং মামলা চলার সময় দোষী সাব্যস্ত সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের সঙ্গে কামরানের নামও উঠেছিলো। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে তাই দলের বাইরে ছিলেন তিনি।
তবে গত সপ্তাহে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ইন্টেগ্রিটি কমিটি নির্দোষ ঘোষণা করায় তাকে আর উপেক্ষা করতে পারেননি নির্বাচকরা।
কামরান ছাড়াও টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক, দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির ও নাসির জামশেদ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক।
আর বাদ পড়েছেন খালিদ লতিফ, আহমেদ শেহজাদ, হাম্মাদ আজম, হারিস সোহেল ও উইকেটরক্ষক শাকিল আনসারী।
পাকিস্তান দল: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), ইমরান নাজির, নাসির জামশেদ, কামরান আকমল, আসাদ শফিক, শোয়েব মালিক, আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদি, ইয়াসির আরাফাত, উমর আকমল, সাঈদ আজমল, রাজা হাসান, উমর গুল, মোহাম্মদ সামি ও সোহেল তানভীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০০ঘ.
bdnews24