ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জনি বেয়ারস্টোর জায়গায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে প্রথম টেস্টের ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন রবি বোপারা।
মে-জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে সুযোগ পেয়েছিলেন বেয়ারস্টো। ইংল্যান্ড সহজে সিরিজ জিতে নিলেও ৬ নম্বরে ব্যাট করতে নামা বেয়ারস্টো তেমন সুবিধা করে উঠতে পারেননি। বিশেষ করে খাটো লেন্থের বলে ভীষণ ভুগতে হয়েছিলো তাকে।
বেয়ারস্টোর ব্যর্থতা এবং সা¤প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ভালো ব্যাটিংই প্রথম টেস্টের দলে জায়গা করে দিয়েছে বোপারাকে। ১২টি টেস্ট খেলা বোপারার মিডিয়াম পেসও টেস্টে বেশ কার্যকর।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সর্বশেষ টেস্টে বিশ্রামে থাকা দুই পেসার জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডও।
ইংল্যান্ড দল: অ্যান্ড্রু স্ট্রাউস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, রবি বোপারা, ম্যাট প্রায়র (উইকেটরক্ষক), টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন ও গ্রাহাম ওনিয়ন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০১৫ঘ.
bdnews24