ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমে ৪ উইকেট, তারপর ৭৫ রানের অনবদ্য ইনিংস। থিসারা পেরেরার অলরাউন্ড নৈপুণ্যেই পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ টেস্টে সুবিধাজনক অবস্থায় শ্রীলঙ্কা।
মঙ্গলবার ৩৩৭ রানে প্রথম ইনিংস শেষ করা শ্রীলঙ্কা লিড পেয়েছে ১১১ রানের। তৃতীয় দিন শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। সফরকারীরা এখনো পিছিয়ে ৮৪ রানে।
অতিথিদের স্বস্তিদায়ক লিড এনে দিতে সবচেয়ে বড় অবদান পেরেরার সঙ্গে নুয়ান কুলাসেকারার (৩৩) ৮৪ রানের অষ্টম উইকেট জুটির।
২৩ বছর বয়সী পেরেরার টেস্টে এটাই প্রথম অর্ধশতক। তার ৭৫ রানই পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে ৮ নম্বরে নামা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ৮৬ বলের আক্রমণাত্মক ইনিংসটি সাজানো ৪টি চার ও ৩টি ছক্কায়।
পেরেরা অবশ্য ভাগ্যবান, ব্যক্তিগত ১১ ও ২২ রানে দুবার ‘জীবন’ পেয়েছেন তিনি। প্রথমবার তার ফিরতি ক্যাচ নিতে পারেননি উমর গুল। পরের বার গুলের বলেই স্লিপে ক্যাচ ফেলে দেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক।
৭০ রানে ৫ উইকেট নিয়ে জুনায়েদ খান পাকিস্তানের সেরা বোলার। ৬৬ রানে ৩ উইকেট নেন সাঈদ আজমল ।
এর আগে ৩ উইকেটে ৪৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা স্বাগতিকদের ১৪৩ রানের জুটি উপহার দেন থারাঙ্গা পারানাভিতানা ও থিলান সামারাবীরা।
পারানাভিতানার ব্যাট থেকে আসে ৭৫ রান। আগের দুই টেস্টে সব মিলিয়ে ২১ রান করা সামারাবীরা করেন ৭৩ রান। অবশ্য ব্যক্তিগত ৪৯ রানে গুলের বলে ইউনুস খানের হাতে সহজ ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
প্রথম দিন আঙ্গুলে চোট পাওয়া পাকিস্তানের উইকেটরক্ষক আদনান আকমল মঙ্গলবার মাঠে নামেননি। তার জায়গায় উইকেটের পেছনে দাঁড়ানো তৌফিক উমর ১৬টি বাই দিয়েছেন।
৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২২৬ ও ২৭/১ (হাফিজ ৮*, তৌফিক ৪, আজহার ৬*; কুলাসেকারা ১/৯)
শ্রীলঙ্কা: ৩৩৭ (পারানাভিতানা ৭৫, চান্দিমাল ৮, সাঙ্গাকারা ০, জয়াবর্ধনে ১২, সামারাবীরা ৭৩, ম্যাথিউস ৯, প্রসন্ন ২০, পেরেরা ৭৫, কুলাসেকারা ৩৩, হেরাথ ২, ফার্নান্দো ০*; জুনায়েদ ৫/৭০, আজমল ৩/৬৬, সামি ১/৬৯, গুল ১/৯০)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২০০ঘ.
bdnews24