২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ফাইনাল ‘টাই’

শ্বাসরুদ্ধকর ফাইনাল ‘টাই’ হওয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ট্রফি’ ভাগভাগি করতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্বাসরুদ্ধকর ফাইনাল ‘টাই’ হওয়ায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ট্রফি’ ভাগভাগি করতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি ভারত অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। এটি ভারতের তৃতীয় শিরোপা আর পাকিস্তানের প্রথম। কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে টস হেরে ব্যাট করতে নেমে সামি আসলামের শতকের সুবাদে ৯ উইকেটে ২৮২ রান করে পাকিস্তান। জবাবে অধিনায়ক উন্মুক্ত চাঁন্দের শতকে ৮ উইকেটে ২৮২ রান করে ভারতও। লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৮৯ ও ২০০৩ সালের চ্যাম্পিয়ন ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। ২০ রানেই সাজঘরের পথ ধরেন মানান ভোহরা (১১)। দ্বিতীয় উইকেটে বাবা অপরাজিতের সঙ্গে উন্মুক্তের ১৭৫ রানের বড় জুটি ধাক্কা সামলে খুব ভালো অবস্থানে নিয়ে আসে ভারতকে। দলীয় ১৯৫ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অপরাজিতের (৯০) বিদায়ে বড় একটা ধাক্কা খায় ভারত। এরপর বিজয় জুল (১১) ও আকাশদীপ নাথ (২৩) দুই অঙ্কের কোঠায় পৌঁছালেও প্রায় একাই খেলতে হয়েছে ভারত অধিনায়ককে। ১৫০ বলে ১১টি চারের সাহায্যে ১২১ রান করা উন্মুক্ত বিদায় নেন বড় অসময়ে। জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল কেবল ৭ রান। সেই ওভারে ৩ বল খেলে ১ রান করে চতুর্থ বলে উন্মুক্তের বিদায় ভারতকে শঙ্কায় ফেলে। গ্র“প পর্বে এমন পরিস্থিতিতে পড়া ভারত শেষ পর্যন্ত ১ রানে হেরেই যায় পাকিস্তানের কাছে। পঞ্চম বলে রাশ কালারিয়া চার মারলে দুই দলের স্কোর সমান হয়ে যায়। শেষ বলে তুলে মারতে গিয়ে কালারিয়া বিদায় নিলে রোমাঞ্চকর ফাইনাল শেষ হয়ে টাইয়ে। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ ও এহসান আদিল তিনটি করে উইকেট নেন। এর আগে ৬২ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন আসলাম ও ওমর ওয়াহিদ (৪৮)। তৃতীয় উইকেটে ১০০ রানের জুটি গড়েন তারা। পঞ্চম উইকেটে সাদ আলীর (২৩) সঙ্গে ৬২ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন আসলাম। কালারিয়ার করা ৪৬তম ওভারের প্রথম দুই বলে সাদ ও আসলামের (১৩৪) বিদায়ে বড় একটা ধাক্কা খায় পাকিস্তান। আসলামের ১২৪ বলের ইনিংসটি ১৩টি চার ও ৩টি ছক্কায় সাজানো। দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর আর বেশি দূর এগোয়নি পাকিস্তানের ইনিংস। ৩৭ রানে ৫ উইকেট নিয়ে কালারিয়া ভারতের সেরা বোলার। ‘ট্রফি’র পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে। উন্মুক্ত ও আসলাম হয়েছেন যৌথ ম্যাচ সেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৩১ ঘ.