ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠতে ব্যর্থ হলেও বাংলাদেশের জিম্বাবুয়ে সফরকে ‘ফলপ্রসু’ বলেই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার হোটেল রূপসী বাংলায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। এই প্রস্তুতি ম্যাচগুলো দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।”
“আমি বলবো সব মিলিয়ে আমাদের ক্রিকেটাররা অনেক ভালো খেলেছে,” যোগ করেন সাকিব।
বিশ্রাম নেয়ায় জিম্বাবুয়ে সফরে না যাওয়া এই বাঁহাতি অলরাউন্ডার আরো বলেন, “বাংলাদেশ আরেকটা ম্যাচ জিততে পারতো। জেতা উচিতও ছিল। তবে সব মিলিয়ে দল অনেক ভালো খেলেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা অনেক বড় ঘটনা।”
“জিম্বাবুয়ে সফরে একটু-একটু করে দল উন্নতি করেছে। টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। সে বিবেচনায় এই সফর খুবই ভালো হয়েছে। আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপে এই অভিজ্ঞতা কাজে লাগবে,” যোগ করেন তিনি।
তিনি থাকলে বাংলাদেশ ফাইনালে খেলতো কিনা জানতে চাইলে সাকিব বলেন, “দল কারো জন্য অপেক্ষা করে না। ভারতীয় দল শচীন টেন্ডুলকারের অনুপস্থিতিতেও জয় পায়।”
“কারো অনুপস্থিতিতে দল হারবে এমন ভাবার অবকাশ নেই। প্রত্যেকেই দেশের হয়ে ভালো খেলার চেষ্টা করে,” যোগ করেন তিনি।
জিম্বাবুয়ে সফর শেষে মঙ্গলবার রাতে দেশে ফিরছে মুশফিকুর রহিমের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৫১ঘ.
bdnews24